
শেষ আপডেট: 14 June 2022 15:45
দ্য ওয়াল ব্যুরো: নূপুর শর্মাকে গ্রেফতারের (Nupur Sharma) দাবিতে মঙ্গলবার ধর্মতলায় (Dharmatala) বিক্ষোভ দেখাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। দুপুর ১টা থেকে রানি রাসমণি অ্যাভেনিউয়ে শুরু হয় বিক্ষোভ। বহু মানুষের জমায়েত হয়। মহম্মদ সম্পর্কে মন্তব্যের জন্য (Prophet Row) তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে অনভিপ্রেত কিছু ঘটেনি। সমাবেশ শান্তিপূর্ণই ছিল।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান বলেন, ‘নবী হজরত মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানাতে বেলা ১টায় টিপু সুলতান মসজিদের পাশ থেকে একটি মিছিল ধর্মতলার রানি রাসমণি অ্যাভেনিউয়ে পৌঁছয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।’
এদিন মিছিল ও সমাবেশ থেকে বিভিন্ন বক্তারা জানান, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। স্বাধীন ভারতের স্থপতি ও মহান রাষ্ট্রনায়করা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছিলেন দেশের বহুত্ববাদী চরিত্র অক্ষুণ্ণ রাখতে। মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে নয়। তাঁরা উপলব্ধি করেছিলেন, এদেশে একমাত্রিক ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়। তাঁদের দূরদর্শী রাষ্ট্র নীতিমালার জন্য গত সাত দশকের বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ভারতে বড় কোনও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে উঠেনি।
কবি ফারুক আহমেদ বলেন, ‘দেশের সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে সনির্বন্ধ নিবেদন, দেশের সর্বত্র বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সদা সতর্ক থাকুন সচেতন ভারতবাসী।’
অন্যদিকে, এদিন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে জানান, ওই মিছিলে পর্যাপ্ত পুলিশ নেই। এর থেকে ফের যদি 'অশান্তি' ছড়ায় কী হবে? তাঁর কথা শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দেন বিষয়টি নজরে রাখতে বলেন। যদিও এদিনের সমাবেশ শান্তিপূর্ণই ছিল।