
পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ।
শেষ আপডেট: 26 December 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্ত ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল।
আদালত সূত্রের খবর, বুধবারই ইডির তরফে আদালতে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। আগের দিন অভিযুক্তদের মধ্যে জামিনে মুক্ত কয়েকজন আদালতে হাজির ছিলেন না। তবে এদিন নির্ধারিত সময়েই জেলবন্দি এবং জামিনে মুক্ত সকলে আদালতে হাজির হয়েছেন। ফলে চার্জ গঠনের প্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না।
নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার থেকে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল। ঘটনায় ভরা এডজলাস ইডির আধিকারিকদের ভর্ৎসনাও করেছিলেন বিচারক।
ইডিকে তীব্র ভর্ৎসনা করে ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, 'বুধবারের মধ্যে আদালতে সমস্ত নথি পেশ করতেই হবে। প্রয়োজনে সারারাত বসে কাজ করুন।'
আইনজ্ঞদের অনেকের মতে, আদালতের গুঁতো খেয়েই নড়েচড়ে বসেছে ইডি। তবে নথি দিতে দেরি হওয়া নিয়ে ইড়ির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
২০২২ সালের ২২ জুলাই গভীর রাতে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে নগদ প্রায় ৫১ কোটি টাকা এবং প্রচুর সোনা, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পরে আরও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে কয়েকজন জামিনে মুক্ত। মোট ৫৪ জনের নামে অভিযোগ রয়েছে। চার্জ গঠনের পরই শুরু হবে শুনানি প্রক্রিয়া।