
অভিযুক্ত হাওড়া মেট্রোর কর্মী
শেষ আপডেট: 20 December 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি সব বাঙালিদের বাংলাদেশি বলেছেন। এবার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজ্য পুলিশ। হুগলির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ। মূলত তাঁর সঙ্গেই ওই কর্মীর এমন মন্তব্য নিয়ে বচসা শুরু হয়েছিল।
সূত্র মারফৎ জানা গেছে, রামেশ্বর হালদার নামের ব্যক্তি অভিষেক কুমার আনন্দ নামে হাওড়া মেট্রো স্টেশনের ওই কর্মীকে এসপ্ল্যানেডের টিকিট দিতে বলেছিলেন। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে খোঁচা দিয়েছিলেন আনন্দ। বলেছিলেন, 'বেশি বাংলা বললে বাংলাদেশ হয়ে যাবে!' এই মন্তব্য শুনেই প্রতিবাদ জানান রামেশ্বর। তখন নাকি ওই মেট্রো কর্মী সমস্ত বাংলাভাষী মানুষকেই 'বাংলাদেশি' বলে কটাক্ষ করেন।
কৌশিক মাইতি নামের এক ব্যক্তি এই ঘটনার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা এবং বাঙালি না হওয়ার জন্য বাংলার মাটিতে চাকরি করে, এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। এখন জানা গেছে, হাওড়ার গোলাবাড়ি থানায় ওই মেট্রো কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তাঁরা যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
হাওড়া মেট্রোর ঘটনার প্রেক্ষিতে আগেই দ্য ওয়াল যোগাযোগ করেছিল বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেছিলেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গ জুড়ে বহিরাগতদের দ্বারা বাঙালি সাম্প্রতিককালে তার ভাষার কারণে, বাঙালি হওয়ার কারণে আক্রান্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। এমনকী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ চরম বাঙালি বিদ্বেষী আচরণ করে চলেছে গত কয়েক বছর ধরে।'' তাঁর এও প্রশ্ন ছিল, ''বিহারে রেল কর্মীরা প্রায় সকলেই বিহারী। তাহলে পশ্চিমবঙ্গে রেল ও মেট্রোতে কেন বাঙালি কর্মী থাকবে না?''
কদিন আগে কলকাতা মেট্রোয় এক মহিলা যাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল আর একজন অবাঙালি তরুণীর বিরুদ্ধে। সেটাও বাংলা ভাষা বলাকে কেন্দ্র করে। তারপর আরও এক অবাঙালি তরুণও বাংলার বদলে সহযাত্রীকে হিন্দিতে কথা বলতে বলেন। সেই ঘটনাও ঘটে মেট্রোতে।