
শেষ আপডেট: 11 January 2021 11:55
গতকাল 'ভোগ'-এর কভার ফটো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে প্রথম তাঁর মনের কথা ব্যক্ত করেছেন প্রিয়াঙ্কা। লিখছেন, "ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের দুর্ভাগ্যজনক ঘটনার পর, 'ভোগ'-এর কভার দেখে আমার মন ভাল হয়ে গেল। আর দশদিন পরেই আমেরিকাবাসী দুর্ধর্ষ এক নারীকে তাঁদের জননেত্রী হিসেবে পেতে চলেছেন।" প্রিয়াঙ্কা আরও প্রশংসা করে লিখেছেন, "একজন নারী। একজন ভারতীয় নারী। একজন কৃষ্ণাঙ্গ নারী। যাঁর মা-বাবা কেউই আমেরিকায় জন্মগ্রহণ করেননি। সেই নারীই আমেরিকার উপরাষ্ট্রপতি হয়ে কাজ শুরু করতে চলেছেন। একজন নারী হয়ে গর্ববোধ করছি।"
এখানেই শেষ নয়। এরইসঙ্গে প্রিয়াঙ্কা দুঃখপ্রকাশ করে লিখেছেন, "ভারতবর্ষের মেয়ে হিসেবেই বলছি, এর বহু আগে বিভিন্ন দেশের নারীরা সামনে এগিয়ে এসেছেন। জননেত্রী হয়েছেন। আমেরিকার মতো আধুনিক দেশে এই প্রথম জননেত্রী! মানতে কষ্ট হচ্ছে।" প্রিয়াঙ্কা তারপরেই আশার কথা ব্যক্ত করে লিখেছেন, "শুরুটা কমলা হ্যারিস করলেন ঠিকই। তবে তিনিই শেষ নন। আমেরিকার ছোট ছোট শিশুরা তাঁকে দেখেই অনুপ্রেরণা পাবে।"
প্রায় ৬০ মিলিয়ন ফলোয়ারকে প্রতিদিন নতুন নতুন পোস্টে চমকে দেন প্রিয়াঙ্কা চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী, যিনি বিদেশেও, নিজের দেশের মতো সমান গুরুত্ব পান। এর আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রিয়াঙ্কার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। বলাই বাহুল্য, দেশি-গার্ল এতো মানুষের ভালবাসা পেয়ে, এভাবেই আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন।