
শেষ আপডেট: 29 May 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আসর বসতে চলেছে নিউজিল্যান্ডে। তার আগের বছর ডিসেম্বরে ঘোষণা হল ভারতীয় দল৷ একঝাঁক নতুন প্রতিভা (Prithvi Shaw Shubman Gill)। সেই দলের অনেকগুলো নাম আজ আইপিএলে লোকের মুখে মুখে। শিবম মাভি, কমলেশ নাগরকোটি, রিয়ান পরাগ, অনুকূল রায়, ঈশান পোড়েল, আরশদীপ সিংহ। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। মুম্বই ক্রিকেটের বিস্ময় পৃথ্বী শ' (Prithvi Shaw)। আর সহ অধিনায়ক? শুভমান গিল (Shubman Gill)।
সেবার ভারতকে কাপ জিতিয়ে এনেছিলেন তাঁরা। দুরন্ত বোলিং করেছিলেন বাংলার ঈশান পোড়েল। কিন্তু আজ শুভমান গিল সমস্ত ক্রিকেটপ্রেমীর মুখে মুখে। গুজরাত টাইটানসের ওপেনার শুভমান ঝোড়ো ব্যাটে সেঞ্চুরি করে খোদ শচীন তেণ্ডুলকারের বাহবা কুড়িয়েছেন। এই মুহূর্তে ভারতীয় দলের সব ফর্ম্যাটে নির্ভরযোগ্য মুখ। এদিকে পৃথ্বী শ' কিছুতেই যেন তাঁর চেনা ছন্দে ফিরতে পারছেন না।
এবার এই নিয়ে কার্যত পৃথ্বীকে একহাত নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, রঞ্জি ট্রফির কিংবদন্তী কোচ কারসন ঘাউড়ি। মোহালিতে প্রায় তাঁর হাতেই উঠে আসেন শুভমান। তখন মাত্র ১১ বছর বয়স। সেই থেকে কারসন দেখছেন শুভমানকে। দেখছেন পৃথ্বীকেও। মুম্বই ঘরোয়া ক্রিকেটে ৫৪৬ রানের সেই রেকর্ড কি ভোলা যায়?
কিন্তু কারসনের বক্তব্য, পৃথ্বীর সমস্যা ওর মানসিকতাতে। 'পৃথ্বী মনে করে ও একজন স্টার! কেউ ওকে ছুঁতে পারবে না! আরে ওকে বুঝতে হবে, যে কোনও ক্রিকেটেই স্রেফ একটা বলেই তুমি আউট হয়ে যেতে পারো।'
এতেই না থেমে কারসন টেনেছেন শুভমানের সঙ্গে তুলনা। '২০১৮ এর বিশ্বকাপ মনে আছে? একই দলে ছিল তো দুজনে। কাপ জিতে এল। অথচ দেখুন, এখন কোথায় শুভমান আর কোথায় পৃথ্বী?' একটি সর্বভারতীয় সংবাদপত্রে বলেছেন কারসন।
প্রাক্তন ভারতীয় তারকার মতে, ডিসিপ্লিনের কোনও বিকল্প নেই। 'ঠাণ্ডা মাথায় শৃঙ্খলাবদ্ধভাবে সব শিখতে হবে। ক্রমাগত কাজ করে যেতে হবে নিজের ব্যাটিং নিয়ে। যত পরিশ্রম করবে, ততই ফল পাবে। পৃথ্বী, শুভমান দুজনেই একই বয়সের। হাতে যথেষ্ট সময় আছে। শুভমান ভুলত্রুটি শুধরেছে বলেই আজ এই জায়গায় এসেছে। পৃথ্বীও চেষ্টা করলে নিশ্চয়ই পারবে।'
একেই বলে ধোনি মহিমা! বৃষ্টিতে বানচাল ম্যাচ, স্টেশনেই রাত কাটালেন মাহি ফ্যানরা