
শেষ আপডেট: 11 February 2023 09:48
দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহ, জেপি নাড্ডাদের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Prime Minister Narendra Modi) ভোটমুখী ত্রিপুরার (Tripura) মাটিতে দাঁড়িয়ে নিশানা করলেন বাম-কংগ্রেসকে। শনিবার পাহাড়ি রাজ্যে দুটি জনসভা আছে প্রধানমন্ত্রীর। ধলাই জেলার আমবাসায় প্রথম সভায় প্রধানমন্ত্রী বলেন, বাম-কংগ্রেসের শাসন ত্রিপুরাকে অন্ধকারে রেখে দিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর দিল্লি ও রাজ্যের ডবল ইঞ্জিনের সরকারের হাত ধরে এই রাজ্য ঘুরে দাঁড়িয়েছে।
ত্রিপুরায় এবার অনেকগুলি আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেসও। তবে তৃণমূল যেহেতে সেখানে সরকার চালায়নি স্বভাবতই বিজেপি মূলত নিশানা করেছে রাজ্যের আগের দুই শাসক দল কংগ্রেস ও সিপিএমকে। যদিও ২০১৮-তে বিজেপি ক্ষমতায় আসার আগে টানা ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএমের নেতৃত্বাধীন বাম জোটের সরকার। এবার কংগ্রেস ও বামেরা জোট বেঁধে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে নেমেছে। তবে প্রধান প্রতিপক্ষ হিসাবে সিপিএমকেই নিশানা করছে গেরুয়া শিবির।
প্রধানমন্ত্রী বলেন, সিপিএমের জমানায় থানা চালাত সিপিএম। রাজ্যে চাঁদাবাজির তাণ্ডবে মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। বলেন, ত্রিপুরার মানুষের সঙ্গে সিপিএম-কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে।
বিজেপির ডবল ইঞ্জিন সরকারের অবদান তুলে ধরতে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সাফল্য তুলে ধরেন। বলেন, ত্রিপুরাবাসীর জন্য চিকিৎসার নতুন সুযোগ তৈরি হয়েছে। সরকারি প্রকল্পে রাজ্যে তৈরি হয়েছে তিন লাখ পাকা বাড়ি। প্রধানমন্ত্রী ফের ত্রিপুরায় সভা করবেন আগামী সোমবার।
হিন্দুত্বের প্রসারে মোদীর অবদান শূন্য বিচিত্র দাবি বিজেপি নেতা স্বামীর