
শেষ আপডেট: 31 August 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। সেই নিয়ে একাধিক মামলা চলেছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। প্রাথমিকে নিয়োগ (Primary Recruitment) আটকে কেন, বৃহস্পতিবার সেই বিষয়টি আরও একবার স্পষ্ট করলেন পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal)। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে গৌতমবাবু বলেন, 'আইনি জটেই নিয়োগ আটকে রয়েছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া না পর্যন্ত প্রাথমিকে নতুন নিয়োগ সম্ভব নয়।'
২০১৪ ও ২০১৭ সালের টেট নিয়ে একাধিক মামলা চলছে আদালতে। কিছু ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন পর্ষদ সভাপতি বলেন, 'রাজ্য সরকার চাইছে চাকরি দিতে। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমি প্রতিদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছি। ২০১৪ সালের ব্যাচ বলছে, আমাদের চাকরি দিন। ২০১৭ সালের ব্যাচ বলছে, শুধু আমাদের দিন। দুই ব্যাচই একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে।'
এরপরই তিনি যোগ করেন, 'কেউই বোর্ডের বিরুদ্ধে মামলা করছে না। বোর্ডকে পার্টি করে মামলা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র না পেলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না।' পর্ষদ সভাপতির বক্তব্যকে সমর্থন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ করব।'
'নিয়োগ চাই', এই দাবি তুলে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। সরকার শুনছে না তাঁদের কথা। কিন্তু এদিন পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে শীর্ষ আদালতের কোর্টে বল ঠেলে দিলেন।
আরও পড়ুন: আদানি তদন্তে জেপিসি চাইছেন রাহুল, অভিষেক কি এবারও অমত করবেন!