
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 April 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ আদালতের রায়ে বৃহস্পতিবার রাজ্য়ের উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। ২৪ ঘণ্টার ব্য়বধানে এবার রাজ্যের প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) নিয়ে বড় রায় দিল আদালত (Supreme Court)।
সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২২ সালে প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও। ফলে প্রাথমিকে নিয়োগের জট কাটল।
আদালত সূত্রের খবর, ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডদের পাশাপাশি ডিএলএড কোর্সের প্রথম বর্ষে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।
পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় আবেদনকারীদের আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা ডিভিশন বেঞ্চে গেলে, ওই বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেয়।
বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পাঠরত বা প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ফলে সে সময় ৯৫৩৩ জন চাকরিতে যোগ দিলেও বাকি ২২৩২টি পদে নিয়োগ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। ওই মামলায় এদিন আদালত জানিয়েছে, ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও ২০২২ সালে প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন।