দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বজুড়েই বন্যপ্রাণেদের স্বস্তির খবর এসেছে লকডাউনের জেরে। মানুষের চলাফেরা এবং যান্ত্রিক কর্মকাণ্ড কমে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে না-মানুষেরা। তেমনই একটা ছবি সামনে এল গুজরাতের গির অরণ্য থেকে। দেখা গেছে, ৪-৫টি সিংহীর সঙ্গে জল খেতে এসেছে একঝাঁক সিংহের ছানা। নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। তার পরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে ৪-৫টি সিংহী। আর তাদের পিছনেই হেঁটে আসছে ছানাপোনার দল। যেন বিকেলে ঘুরতে বেরিয়েছে মা-মাসিদের সঙ্গে। মায়েদের সঙ্গে এসে তারা প্রথমে জল খায়, তার পরে জলের পাশেই এদিক-ওদিক ঘোরাঘুরি করতে থাকে।
দেখুন সেই ভিডিও।
https://twitter.com/ParveenKaswan/status/1292468358655303680
ঘটনাচক্রে, আজ, ১০ অগস্ট বিশ্ব সিংহ দিবস। তাই সিংহদের জল খাওয়ার ভিডিওটি শেয়ার করে ওই আইএফএস আধিকারিক লেখেন, "এতগুলো সুন্দর সিংহকে একসঙ্গে এর আগে দেখেছেন কখনও? এরা নিশ্চয় বিশ্ব সিংহ দিবস উদযাপন করছে।"
এপ্রিল মাসেই সামনে এসেছিল মধ্যপ্রদেশের সাতপুরা ফরেস্টের এমনই একটি ভিডিও। পথের উপরেই বসে রয়েছে চার চারটে কেঁদো বাঘ। এভাবে জঙ্গলের রাস্তায় একসঙ্গে চার চারটে বাঘের দেখা পাওয়ার ঘটনা মোটেই সবসময় ঘটে না। বরং এই দৃশ্য যথেষ্টই বিরল। তবে লকডাউন সবই বদলে দিয়েছে।