
হিমঘরে আলু।
শেষ আপডেট: 18 December 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মানুষকে কেন বাড়তি দামে আলু কিনতে হবে, এই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গত ২৮ নভেম্বর থেকে ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। কিন্তু দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আগামী বছরের শুরু থেকে আলুর দাম আরও বাড়তে পারে বলে দাবি করলেন হিমঘর মালিকদের।
গড়ে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে রাজ্যের খোলাবাজারে। হিমঘর ব্যবসায়ীদের দাবি, এখনই ভিন রাজ্যে আলু পাঠানোর সম্মতি না দিলে আগামী বছরে আলুর দাম আরও বাড়তে পারে।
নিজের দাবির স্বপক্ষে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শুভজিৎ সাহার দাবি, রাজ্যের মোট ৪৭৫টি হিমঘরে ৪.১ লক্ষ টন আলু রয়েছে। এদিকে নতুন আলুও উঠছে। হিমঘরে মজুত থাকা আলু বের না করা হলে নতুন আলু রাখা যাবে না। সেক্ষেত্রে আলু চাষি থেকে ব্যবসায়ীরা যেমন সমস্যায় পড়বে তেমনই আগামী দিনে পর্যাপ্ত আলুর অভাবে দামও বৃদ্ধি পাবে।
তাঁর বক্তব্য, রাজ্যের প্রয়োজনীয় আলু রেখে বাকি আলু ভিন রাজ্যে পাঠানোর ব্যবস্থা করুক সরকার। তিনি এও বলেন, "হিমঘরের গেটে ২৫ থেকে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অথচ সেই আলুই বাজারে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা দরে। এক্ষেত্রে সরকার কেন প্রয়োজনীয় পদক্ষেপ করছে না?"
একই সঙ্গে এও বলেছেন, বাজারের আলুর দাম নিয়ন্ত্রণ করতে হলে সরকার নিজেই তো হিমঘরের গেট থেকে ২৫-২৭ টাকা দরে আলু কিনে সেই আলু বাজারে পাঠাতে পারে। এ ব্যাপারে পরোক্ষে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এখন দেখার এবিষয়ে কৃষি ও বিপণণ দফতর কী বলে!