.webp)
শেষ আপডেট: 9 December 2023 11:32
দ্য ওয়াল ব্যুরো: অগস্টের পর ডিসেম্বর। অকাল বৃষ্টির জেরে ফের বাড়তে চলেছে আলুর দাম। পাইকারি ব্যবসায়ীদের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে খুচরো বাজারে আলুর দাম বেশ অনেকটা বাড়বে।
এই মুহূর্তে খুচরো বাজারে চন্দ্রমুখী আলু বিকোচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়। জ্যোতি আলুর দাম রয়েছে ২০ থেকে ২২ টাকা। ব্যবসায়ীদের দাবি, কেজি প্রতি দু’ধরনের আলুর দাম ৬ থেকে ৮ টাকা বৃদ্ধি পেতে পারে। এমনকী আগামী এক মাসের মধ্যে দাম কমারও তেমন কোনও সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।
হঠাৎ কেন এমন পরিস্থিতি?
ব্যবসায়ীরা জানাচ্ছেন, অগ্রহায়ণ মাসের অকাল বৃষ্টির জেরে নষ্ট হয়ে গিয়েছে বিঘের পর বিঘের আলুর বীজ। যার জেরে আগামীদিনে উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। এদিকে হিম ঘরে থাকা আলু এখনই বের করতে চাইছেন না অনেকে। ফলে বাজারে আলুর আকাল তৈরি হয়েছে। এর ফলেই দাম বৃদ্ধির আশঙ্কা।
পরিস্থিতির জন্য হাওয়া অফিসকে দুষছেন চাষিরা। তাঁদের বক্তব্য, আবহাওয়া দফতরের ভুল পূর্বাভাসের খেসারত দিতে হচ্ছে তাঁদের। চাষিদের দাবি, আবহাওয়া দফতরর পূর্বাভাষ ছিল অল্প থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই আলুর বীজ বসানো হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টি হওয়ায় সব বীজ নষ্ট হয়ে গিয়েছে।
চাষিদের অনেকেই ঋণ নিয়ে আলু বীজ লাগিয়েছিলেন। তাঁরা ইতিমধ্যে ব্যাঙ্কের ঋণ মুকুব করে দেওয়ার জন্য সরকারি সাহায্যের আর্জি জানাতে শুরু করেছেন।
আলুর দাম বৃদ্ধির খবর শুনে দুশ্চিন্তা বেড়েছে মধ্যবিত্তের। কারণ, মাংস, ডিমের ঝোল কিংবা ফুচকা৷ আলু ছাড়া এ সব পদ ভাবাই যায় না। শীত কালে সাধারণ নতুন আলু ওঠার পর দাম কমে। পরিবর্তে এবার দাম বৃদ্ধির খবর সামনে আসায় মন ভাল নেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের। শুধু আলু নয়, অকাল বৃষ্টির জেরে দাম বাড়তে চলেছে সব ধরনের সবজিরও।