
শেষ আপডেট: 18 July 2022 06:15
দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চলছে ভোটগ্রহণ। তার আগে ফিরে দেখা যাক কেমন ছিল সপ্তম রাষ্ট্রপতি নির্বাচন।
১৯৮২-তে জিতলেন কংগ্রেস প্রার্থী জ্ঞানী জৈল সিং (giani zail singh)। নয়টি বিরোধী দল মিলে প্রার্থী করে সুপ্রিম কোর্টের বিচারপতি এইচআর খান্নাকে। প্রধান বিচারপতি নিয়োগ ঘিরে বিতর্কের জেরে তিনি মাঝপথে চাকরি ছাড়েন।
জৈল সিং ছিলেন ইন্দিরার (Indira Gandhi) অনুগতদের মধ্যে একজন। বলা হয়, রাষ্ট্রপতি পদের জন্য তাঁর নাম বিবেচনায় আছে জেনে জৈল সিং ঘনিষ্ঠ মহলে বলেন, 'ম্যাডাম (ইন্দিরা) সত্যিই আমাকে ওই পদে বসালে আমি ওঁর উঠোন ঝাড় দিয়ে দেব।’ তবে রাষ্ট্রপতি ভবনে দেশের একমাত্র শিখ রাষ্ট্রপতির সময় খুব ভাল কাটেনি। অপারেশন ব্লু-স্টার অর্থাৎ খালিস্তানি জঙ্গি দমনে অমৃতসরের স্বর্ণ মন্দিরে সেনা অভিযান এবং অসংখ্য শিখের মৃত্যুর ঘটনায় সম্প্রদায়ের বহিষ্কারের মুখে পড়েন। তবে ইন্দিরার প্রতি আনুগত্য তাতে টলেনি। রাষ্ট্রপতি হিসাবে শুধু ক্ষোভ প্রকাশ করেছিলেন, কেন প্রধানমন্ত্রী এত বড় সিদ্ধান্ত তাঁর কাছে গোপন করেছিলেন।

১৯৮৪-র অক্টোবরে দেহরক্ষীর হাতে ইন্দিরার হত্যাকে কেন্দ্র দিল্লি এবং আরও অনেক শহরে শিখ নিধনের ঘটনায় আরও অসহায় হয়ে পড়েন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর শূন্য আসনে বসেন ইন্দিরার পুত্র রাজীব। শোনা যায়, রাজীব প্রধানমন্ত্রী হোন, চাননি রাষ্ট্রপতি সিং। গোড়ায় রাজীবকে শপথ বাক্য পাঠ করাতেও অস্বীকার করেন। বফর্স কেলেঙ্কারিতে সরকারের নাম জড়িয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তীব্র বিরোধ দেখা দেয় রাষ্ট্রপতি জৈল সিংয়ের।
১৯৮৭-র ভোটেও খবরে রইলেন জৈল সিং
সেবার জিতলেন কংগ্রেস প্রার্থী আর ভেঙ্কটরমন (R. Venkataraman)। বিরোধী প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভিআর কৃষ্ণাআয়ার খুব একটা সুবিধা করতে পারলেন না। বিরোধীদের একাংশ চাইলেন জৈল সিং ফের প্রার্থী হয়ে রাজীবের বিরুদ্ধে বদলা নিন। কিন্তু আজীবন কংগ্রেসের প্রতি অনুগত জৈল সিং রাজি হননি। বস্তুত, দলের প্রতি আনুগত্যের কারণেই শিখ সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। ঘনিষ্ঠদের বক্তব্য ছিল, ইন্দিরার পুত্র বলেই রাজীরের সঙ্গে বিরোধকে দলের বিরুদ্ধে কাজে লাগাতে চাননি তিনি।

ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বহরমপুরের ত্রিদিব চৌধুরী