
শেষ আপডেট: 3 February 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাধ্যমিক পরীক্ষার গার্ড দিচ্ছিলেন। আচমকাই প্রসব যন্ত্রণায় কাতর হলেন এক শিক্ষিকা! হইচই পড়ল চুঁচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলে।
শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা। জানতে পেরে ছুটে আসেন অন্য শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এখন ওই শিক্ষিকা চিকিৎসাধীন।
জানা গেছে, চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা ওই শিক্ষিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি ডিউটি করছিলেন। স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। শুক্রবারও গার্ড দিয়েছেন তিনি। পরীক্ষার হলে ডিউটি থাকায় শনিবারও তিনি স্কুলে এসেছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর আচমকাই পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে স্কুলের তরফে তাকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় তাঁর পরিবারে।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলছে ওই শিক্ষিকার। তাঁর আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়েছে। ডাক্তাররা তাঁর পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, খুবই দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।