
শেষ আপডেট: 26 July 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান ইস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি-র ডিরেক্টর পদে পুরুষদেরই একচেটিয়া প্রাধান্য চলে আসছে বছরের পর বছর। এই নিয়ে নানা সময়ে নানা মহলে গুঞ্জন উঠলেও কোনও মহিলাকে কোনও দিন এই পদের দায়িত্বে দেখা যায়নি। অবশেষে সেই 'প্রথা' ভাঙতে চলেছে। এবার একটি আইআইটি-র ডিরেক্টর (IIT director) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রীতি আঘালায়াম (Preeti Aghalayam)। তাও আবার বিদেশের মাটিতে!
জানা গেছে, তানজানিয়ার জানজিবারে (IIT in Zanzibar) আইআইটি মাদ্রাজের (IIT Madras) প্রথম বিদেশি ক্যাম্পাস চালু হতে চলেছে। সেই ক্যাম্পাসের দায়িত্বই নিতে চলেছেন প্রীতি।
প্রীতি নিজে এই আইআইটি মাদ্রাজেরই পড়ুয়া ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পঠনপাঠন করেছিলেন তিনি। তারপর সেখানেই অধ্যাপক হিসেবে কাজে যোগ দেন। তার পরে তানজানিয়ার এই ক্যাম্পাসের কাজে যুক্ত হন তিনি। বেশ কয়েকবার যাওয়া-আসাও করেছেন এই কাজে। এবার সেই আইআইটির-ই ডিরেক্টর হচ্ছেন প্রীতি।
স্বাভাবিক ভাবেই, এমন সুযোগ পেয়ে খুবই খুশি প্রীতি। তিনি জানিয়েছেন, ‘আমরা যতবার আইআইটি মাদ্রাজের প্রতিনিধি হিসেবে জানজিবারে গেছি, ততবারই দেখেছি ওঁদের দিক থেকে অনেক বেশি সংখ্যক মহিলা প্রতিনিধিত্ব করছেন। ফলে আমাদের দিক থেকে এই বিষয়ে একটি সচেতন প্রয়াস রয়েছে নতুন ক্যাম্পাসে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার।'
সম্প্রতি ভারত-তানজানিয়ার মধ্যে একটি মউ (MOU) স্বাক্ষরিত হয়েছে। সেই সমঝোতার ফসল হিসেবেই আইআইটি মাদ্রাজ তানজানিয়ার জানজিবারে প্রথম বিদেশি ক্যাম্পাস খুলছে। এই বছরের অক্টোবর মাস থেকে ওই ক্যাম্পাসে পঠনপাঠন শুরু হবে।
বছরে ১.২৫ কোটির চাকরি পেলেন অনুরাগ! আইআইটি কিংবা আইআইএম-এর পড়ুয়া নন তিনি
আপাতত সেখানে দু'টি কোর্স পড়ানো হবে বলে জানা গেছে, ডেটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি। এই দুই বিষয়েই সে দেশের পড়ুয়াদের আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ৫০টি আসন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ২০টি আসন রয়েছে জানজিবারের আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে। প্রীতি বলেন, 'এখন দু'টি বিষয় নিয়ে শুরু হলেও ভবিষ্যতে আরও অনেক কিছু যুক্ত হবে। বাড়বে কোর্সের তালিকাও।'
আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি বলেন, 'প্রীতিই প্রথম মহিলা, যিনি আইআইটির ডিরেক্টর হলেন। সবকিছুতেই আমাদের লিঙ্গ ভারসাম্য আনতে হবে। সেই জন্যই এই সিদ্ধান্ত।'
বর্তমানে তিনি আইআইটি মাদ্রাজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এবার আইআইটি-র তানজানিয়ার ক্যাম্পাসের ডিরেক্টর হতে চলেছেন তিনি।
তবে কেবলই অ্যাকাডেমিকসে নয়, প্রীতির উৎসাহ আরও অনেক বিষয়েই। তিনি একজন ম্যারাথন রানার এবং ব্লগার। একাধিক বিষয়ে রিসার্চ করেছেন তিনি। এবার ছক ভাঙলেন পুরুষতন্ত্রের দৌড়েও। দেশের প্রথম আইআইটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন বিদেশের মাটিতে।
শিক্ষক ছাড়াই ২১ বছরে আইপিএস, পরের বছর আইএএস! দিব্যার লড়াই যেন রূপকথা