দ্য ওয়াল ব্যুরো : আয়করের রিফান্ড পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার দিন শেষ। আইটি ফর্ম ফিল আপের ঝক্কিও কমবে আগামী দিনে। এখন আয়করের রিটার্ন প্রসেসিং করে টাকা রিফান্ড করতে সময় লাগে ৬৩ দিন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়করের ইন্টিগ্রেটেড ই ফিলিং ও কেন্দ্রীয়ভাবে প্রসেসিং-এর এক প্রস্তাব অনুমোদন করেছে। তাতে খরচ হবে ৪,২৪২ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে দু’টি ক্ষেত্রেই সময় লাগবে অনেক কম। সরকার সার্ভিস প্রোভাইডারকে বিশেষ উৎসাহ দেবে যাতে রিফান্ড দেওয়ার প্রক্রিয়া একদিনের মধ্যে শেষ করা যায়। পুরো কাজ ৩০ দিনের মধ্যে শেষ না হলে ক্ষতিপূরণও আদায় করা হবে।
এই প্রকল্প রূপায়ণ করবে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। তাতে সময় লাগবে প্রায় ১৫ মাস। এর পরে করদাতারা তাঁদের ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টে আগে থেকে ফিল আপ করা একটি ফর্ম পাবেন। তাতে তাঁদের নাম, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য দেওয়া থাকবে। এর পাশাপাশি বেতন সংক্রান্ত কলমে করদাতার বেতন, সুদ বাবদ আয়, আয়ের উৎসে কর কাটার মতো বিষয়গুলিও থাকবে। করদাতাদের যদি আয়ের অপর কোনও উৎস থাকে যা আয়কর দফতরকে আগে জানানো হয়নি, তবে তিনি ওই ফর্মে জানাবেন।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই পদ্ধতিতে যে কোনও ভুল সংশোধন করা যাবে দ্রুত। এক সরকারি বিবৃতিতেও বলা হয়েছে, আগামী দিনে দ্রুত আয়কর রিটার্নের প্রসেসিং এবং রিফান্ড করা সম্ভব হবে। স্ট্যাটাস আপডেট করা যাবে ই-মেল, এসএমএস এবং দফতরের ওয়েব সাইটের মাধ্যমে। এর ফলে পুরো ব্যাপারটায় স্বচ্ছতা আসবে।