
শেষ আপডেট: 19 November 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব ও পশ্চিম বর্ধমান: ১২ বছর পর ফের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের শুরু থেকে দুর্বার গতিতে ছুটতে থাকা ভারতীয় ব্রিগেড রবিবার কাপযুদ্ধের শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনাল খেলতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে দু’দলই।
এদিকে বিরাট-রোহিতদের সাফল্য কামনায় দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থনা, যজ্ঞ। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পুজোও হয়েছে টিম ইন্ডিয়ার জন্য। পিছিয়ে নেই বাংলাও। আসানসোলের মহিশীলায় চলছে সকাল থেকে শুরু হয়েছে যজ্ঞ। রীতিমতো পুরোহিত এনে মন্ত্রোচ্চারণ করে পুজো হচ্ছে সেখানে।
আজ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি ছটপুজোও। তাই সকাল সকাল আসানসোলের কুলটির শিবমন্দির ছট ঘাটে পৌঁছে যান ক্রিকেটপ্রেমীরা। ছট মাইয়া ও সূর্য দেবতার কাছে তাঁরা দলের জয় প্রার্থনা করলেন। ভারতের জাতীয় পতাকা হাতে, খোল-করতাল বাজিয়ে ‘ভারতমাতা কি জয়’ স্লোগানও তোলা হয়।
ইস্পাতনগরী দুর্গাপুরেও বিরাট-রোহিতদের সাফল্য কামনা করে পুজো হচ্ছে। সেখানকার স্থানীয় ডেভিড ইউনাইটেড ক্লাবের তরফে রবিবার সকালে মহাযজ্ঞের আয়োজন করা হয়। ভারতীয় প্লেয়ারদের ছবি সামনে রেখে যজ্ঞ অনুষ্ঠিত হয়। এবারের ক্রিকেট বিশ্বকাপ ভারতই জিতবে, আশাবাদী ওই ক্লাবের সদস্যরা।
তবে শুধু যজ্ঞ কিংবা পুজো নয়, ভারতীয় দল বিশ্বকাপ জিতবে ধরে নিয়েই মাখা সন্দেশ দিয়ে বিশ্বকাপ তৈরি করে ফেলেছে কালনার একাধিক মিষ্টির দোকান। ইতিমধ্যে ওই এলাকার একাধিক ক্লাব থেকে বিশ্বকাপের প্রতিকৃতির মাখা সন্দেশ অর্ডার দেওয়া হয়েছে। তাঁরা নিশ্চিত, কাপ এবছর দেশে ফিরবে।