দ্য ওয়াল ব্যুরো: গুরুতর সঙ্কটেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাঝে ঠিক একটা বছর। গত বছর এই সময়ে তিনি ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। আর এই বছর সঙ্কটজনক অবস্থায় রোগশয্যায়। দুই সময়ের সঙ্গে তুলনা করে এদিন একটি টুইট করেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সোমবারই হাসপাতালে ভর্তি হন প্রণব। জানা যায় তিনি করোনাভাইরাসে সংক্রমিত। তার আগেই অবশ্য পড়ে গিয়ে মাথায় চোট পান ও মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যায়। তাঁর জন্য অস্ত্রোপচারও করতে হয়। মঙ্গলবার আরও অবনতি হয়েছে বলে জানান চিকিৎসকরা। বুধবার হাসপাতালের পক্ষে জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। বুলেটিনে বলা হয়েছে, "প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। এখন তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ বন্ধ হলেও তাঁকে ভেন্টিলেটরেই রাখা হয়েছে।"
হাসপাতালে থাকা বাবার কথা বলে তিনি লিখেছেন, "গত বছর ৮ অগস্ট আমার জীবনের অন্যতম খুশির দিন ছিল। কারণ, আমার বাবা ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পরে, ১০ অগস্ট তিনি গুরুতর অসুস্থ। আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তাঁর জন্য সবচেয়ে মঙ্গলের এবং আমাকে শক্তি দেবেন যাতে সুখ ও দুঃখ--দুটোই সমানভাবে গ্রহণ করতে পারি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা এই সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন।"
https://twitter.com/Sharmistha_GK/status/1293409462758199296
সোমবার দুপুরে জানা যায়, তাঁর শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। পরে জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শুধু করোনা আক্রান্ত নন, রবিবার রাতে ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব। সে ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে। সোমবার তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথা ফাটেনি। বাইরে থেকে কোনও চোটের দাগও ছিল না। কিন্তু এমআরআই করে দেখা যায় মস্তিষ্কে আঘাত লেগে রক্ত জমাট বেধে গিয়েছে। তা সোমবারই অস্ত্রোপচার করে বের করা হয়েছে। প্রথমে দুপুরে একবার অস্ত্রোপচার হয়। পরে রাতে ফের অপারেশন হয়। শ্বাসকষ্ট থাকায় তাঁকে তার পর ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু পরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।