দ্য ওয়াল ব্যুরো : ভোপালে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর। বৃহস্পতিবার গণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে দেখা যায়, এগিয়ে গিয়েছেন প্রজ্ঞা।
ভোপালে ভোট হয়েছিল ১২ মে। ৪৮ বছরের প্রজ্ঞা ন’বছর কাটিয়েছেন জেলে। তাঁর বিরুদ্ধে ‘মোকা’-য় মামলা করা হয়েছিল। অভিযোগ, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে জড়িত ছিলেন তিনি। সেই বিস্ফোরণে ছ’জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ১০০ জনের বেশি।
ভোটের প্রচারে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রজ্ঞা। তিনি আগেই বলেছিলেন, দিগ্বিজয়কে হারানো কঠিন হবে না। তাঁকে ভোপালে প্রার্থী করার পরে বিজেপির সভাপতি অমিত শাহ বলেছিলেন, দিগ্বিজয় সিং-ই ‘গৈরিক সন্ত্রাস’ কথাটির জন্মদাতা। এবার মানুষ সিদ্ধান্ত নেবেন, তিনি ঠিক বলেছিলেন কিনা।