
শেষ আপডেট: 9 December 2023 19:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুদিনের অকাল বৃষ্টিতে রাজ্য ক্ষতি হয়েছে আলু চাষের। এই সুযোগ আলু বীজের দাম বাড়াতে শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। তাই মাঠে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অথবা ইবি।
শনিবার সিঙ্গুরের রতনপুরে বীজ বিক্রয় কেন্দ্রে হানা দেয় ইবি প্রতিনিধিরা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি নিমাই চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। একটি বীজের বিক্রয় কেন্দ্র গিয়ে আলু বীজের মজুত পরিমাণ, রশিদ, বিক্রয় মূল্যের তালিকা দেখতে চান তাঁরা। অভিযোগ, দোকানের কর্মচারীরা এই সমস্ত কিছু দেখাতে পারেননি। সন্তোষজনক উত্তর না পেয়ে বিক্রয় কেন্দ্রটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
আধিকারিক নিমাই চৌধুরী জানান, বৃষ্টিতে অনেক চাষির আলু নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে এখনও অনেক জমিতে বীজ বসানো বাকি। তাই বাজারে আলু বীজের চাহিদা রয়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা চাষিদের থেকে অতিরিক্ত দাম যাতে নিতে না পারে, তার জন্যই অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ''একটি বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে ছিলাম। সেখানের ম্যানেজার আলুর বীজের ক্রয় বিক্রয় নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই আপাতত বিক্রয় বন্ধ রাখতে বলেছি।''