দ্য ওয়াল ব্যুরো : দিল্লির দাঙ্গার জন্য কংগ্রেস ও আম আদমি পার্টিকে দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বিজেপি নেতা জাভড়েকর বলেন, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে কংগ্রেসই উস্কানি দিয়েছিল। এর আগে দিল্লি দাঙ্গা নিয়ে কংগ্রেস ও আপের সমালোচনার মুখে পড়ে বিজেপি। অভিযোগ করা হয়, কপিল মিশ্র এবং আরও কয়েকজন বিজেপি নেতার ভাষণের পরেই দিল্লির কয়েকটি অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন তার পাল্টা অভিযোগ করলেন জাভড়েকর।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, “এসব কে শুরু করেছিল? এটা মাত্র দু’দিনের ব্যাপার নয়। দু’মাস ধরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।” এরপরেই কার্যত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে এই দাঙ্গার জন্য দায়ী করেন জাভড়েকর। তিনি বলেন, “ওই আইন পাশ হওয়ার পরেই রামলীলা ময়দানে কংগ্রেস সভা করেছিল। সেখানে বলা হয়েছিল, আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইস পার ইয়া উস পার। এটা কি উস্কানি নয়?” একইসঙ্গে তাঁর অভিযোগ, কংগ্রেস ও আপ ইচ্ছা করে কোনও কোনও ব্যাপারে চুপ করে রয়েছে।
তাঁর কথায়, “ভিডিওতে দেখা যায়, আপ নেতা তাহির হুসেনের বাড়ি রায়ট ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। আমরা দেখেছি, হিংসার জন্য সেখানে আগ্নেয়াস্ত্র ও নানারকম রাসায়নিক জমা করে রাখা হয়েছে। কিন্তু দুটো দল এসম্পর্কে কিছু বলছে না।”
উস্কানিমূলক ভিডিও-র কথা উল্লেখ করে তিনি বলেন, “আমানাতুল্লা নামে আপের এক নেতা বলেছিলেন, নাগরিকত্ব আইন কার্যকরী হলে মুসলমানরা টুপি পরতে পারবেন না। এরপর ওয়ারিস পাঠান উত্তেজক ভাষণ দিয়েছেন। কংগ্রেস বা আপ এসম্পর্কে একটি কথাও বলেনি।”
জাভড়েকর বলেন, আইবি-র অফিসার অঙ্কিত শর্মা বা দিল্লি পুলিশের কনস্টেবল রতন লালের মৃত্যু নিয়ে দু’টো দল কিছু বলছে না। পরিবর্তে তারা বিজেপি সরকারকে দোষ দিচ্ছে। তাঁর কথায়, “আমরা তদন্ত করছি। আমরাই দিল্লিতে শান্তি ফিরিয়ে এনেছি। আমরা এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি।”