
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 3 May 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: ফের কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলির সমুদ্রগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "কমিশন পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল পুলিশে যাঁরা কাজ করবে তাঁরা ভোট দিতে পারবেন। রাজ্যের পুলিশ নাকি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। এটা আমি বরদাস্ত করব না। যতদূর যেতে হয় যাব।"
ভোটের কাজে বাংলা থেকে দেড় হাজার পুলিশ কর্মীকে অন্য রাজ্যে নিয়ে গিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "বাংলা ছাড়া ভোটের কাজে অন্য কোনও রাজ্যের পুলিশকে ব্যবহার করা হয়নি। তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে দেওয়া হচ্ছে না।"
এরপরই কমিশনের উদ্দেশে মমতা বলেন, "যারা কেন্দ্রের কাজে অন্য রাজ্যে গেছে তাদের"পোস্টাল ব্যালট দিচ্ছেন না কেন? এটা আমি কমিশনের কাছে জানতে চাই। এই করে করে ভোট জাম্প করে বিজেপিকে জেতাতে চাইছেন, যাদের সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই।"
এরপরই রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "যারা ইলেকশন ডিউটিতে থাকবেন, ধরুন কারও বাড়ি নদিয়ায় ডিউটি পড়েছে মেদিনীপুরে, বা কারও মেদিনীপুরে বাড়ি বর্ধমানে ডিউটি পড়েছে, কোনও অসুবিধা নেই, ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন, ভোটটা দিয়ে আসবেন, এর জন্য কেউ আপনাদের ছুটি আটকাবেন না। আপনাদেরও ভোট দেওয়ার অধিকার আছে।"
মুখ্য়মন্ত্রীর আনা অভিযোগ সম্পর্কে কমিশনের অবশ্য় কোনও প্রতিক্রিযা জানা যায়নি।
মোদী-শাহকে 'মধুবাবু বিধুবাবু' বলে কটাক্ষ করে মমতা বলেন, "আজকেও বাংলায় এসে বলে গেছে তৃণমূল চোর, আর তুমি সাধু! তৃণমূল চুনোপুটি হলে তুমি রাঘববোয়াল, চোর বললে বিজেপিকে তুচ্ছ বলা হয়।" মমতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে দিয়েও ভোটে পক্ষপাতিত্ব করাতে চাইছে মোদী সরকার।