দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে উত্তরাখণ্ডে (uttarakhanda) ধর্ম সংসদে ঘৃণাভাষণের (Hate Speech) বিরুদ্ধে একটিও শব্দ উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অনেকেই চেয়েছিলেন, ধর্ম সংসদে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর ডাক দেওয়া হয়েছে, মোদী তার বিরোধিতা করুন। কিন্তু তাঁদের আবেদনে সাড়া দেননি প্রধানমন্ত্রী। সোমবার উত্তরপ্রদেশে ভার্চুয়াল জনসভায় কিন্তু তিনি আনলেন সেই ঘৃণার প্রসঙ্গ। তাঁর দাবি, “ভারতে বিজেপি সবসময় ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়েছে।”
উত্তরপ্রদেশে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিকে এদিন তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজবাদী পার্টি ভোটারদের উস্কানি দিচ্ছে যাতে তাঁরা বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নেন। তাঁর বক্তব্য, এবার উত্তরপ্রদেশে ‘নকলি সমাজবাদীদের’ সঙ্গে ‘গরিবোঁ কি সরকারের’ লড়াই হবে। উত্তরপ্রদেশে বিজেপির ‘সাফল্যের’ হিসাব দেন মোদী। তিনি বলেন, বহু গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। পশ্চাৎপদ শ্রেণির জন্য নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। মুসলিম মহিলাদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিলাদের বিয়ের বয়স বাড়ানো হয়েছে।
কিছুদিন আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব বলেন, রোজ রাতে তাঁর স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দেন। তিনি বলেন, তুমিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবে। মোদী এদিন পরোক্ষে অখিলেশকে কটাক্ষ করে বলেন, “এখন অনেকে বড় বেশি স্বপ্ন দেখছে। যারা শুধু ঘুমোয়, তারাই এত স্বপ্ন দেখে।”
নয়ডা ও গ্রেটার নয়ডায় আবাসন সমস্যা নিয়েও এদিন বক্তব্য পেশ করেন মোদী। তিনি বলেন, “ওই দুই অঞ্চলে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁরা দুর্নীতির শিকার হয়েছেন।” প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নয়ডা ও গ্রেটার নয়ডায় অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা ফ্ল্যাটগুলির নির্মাণ শেষ করার জন্য বিশেষ তহবিল গড়ে তোলা হবে।
পরে মোদী বলেন, “আমরা চেষ্টা করছি যাতে উত্তরপ্রদেশে পরিবর্তন আনা যায়। কিন্তু বিরোধীরা এমন সব লোককে টিকিট দিচ্ছে যারা দাঙ্গা করতে চায়। তাদের আচরণেই ওই মানসিকতা স্পষ্ট। অপরাধীরা যায়, রাজ্যে তাদের বন্ধু সরকার থাকুক।”