
শেষ আপডেট: 15 June 2022 10:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে পোলিও (Polio Virus) মুক্ত দেশ বলা হয়। তবে এখনও মাঝে মধ্যে কোথাও এই রোগের জীবাণু মেলে। ২০১১ সালের পর ফের কলকাতায় (Kolkata) এই রোগের জীবাণু পাওয়া গেছে। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। মেটিয়াবুরুজের এক নর্দমাতে পোলিওর জীবাণুর খোঁজ মিলেছে।
এই এলাকার এক নর্দমার নমুনা পরীক্ষার পরেই এই জীবাণুর খোঁজ মিলেছে। যা নিয়ে স্বাস্থ্য দফতরের অন্দরে নতুন করে চিন্তা বাড়িয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ওই এলাকার শিশুদের ওপর কড়া নজরদারি চালাতে। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদেরই এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। তাই এই রোগের যেকোন উপসর্গ শিশুদের মধ্যে দেখা গেছে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানত পেট খারাপ জনিত কোন লক্ষণ দেখা দিলে অবিলম্বে যেন তাদের নমুনা পরীক্ষা করা হয় সেই কথাও জানানো হয়েছে। যেহেতু পোলিওর প্রাথমিক উপসর্গ পেট খারাপ জনিত সমস্যা তাই এই জাতীয় রোগকে অবহেলা না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুর কর্মীদেরও বিশেষ তৎপর হয়ে বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের ওপর জোর দিতে বলা হয়েছে।
২০১১ সালে শেষবার বাংলায় এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। হাওড়ার (Howrah) এক শিশুর শরীরে বাসা বেঁধেছিল এই রোগের ভাইরাস। তবে ১১ বছর পর ফের পোলিওর জীবাণু মেলায় উদ্বিগ্ন রাজ্য সরকার।
উত্তরবঙ্গ ভাগ হতে দেব না! ডুয়ার্সের মাটি নিয়ে কালীঘাট যাত্রা করলেন প্রৌঢ়