
সিপি মনোজ ভার্মা এবং আহত পুলিশ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী
শেষ আপডেট: 22 September 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানেই ইটের ঘায়ে জখম হন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। নিজের সহকর্মী কেমন আছেন, সেই খোঁজ নিতে দেবাশিসের বাড়িতে চলে গেলেন কলকাতা পুলিশের সদ্য কমিশনার মনোজ ভার্মা।
রবিবার নগরপাল হাওড়ার বাউড়িয়ার শ্যামসুন্দর চকের বাড়িতে যান। ছিলেন প্রায় আধঘণ্টা। একাধিক বিষয়ে কথাও হয় তাঁদের দু'জনের মধ্যে।
এদিন আহত পুলিশ সার্জেন্টের বাড়ি থেকে বেরিয়ে সিপি মনোজ ভার্মা বলেন, চোখের আঘাত রয়েছে এখনও। দিনে দিনে সুস্থ হচ্ছেন দেবাশিস। যদিও এখনও যে কাজে যোগ দিতে ঢের দেরি আছে সে কথাও জানান মনোজ।
পরিবার সূত্রে অবশ্য খবর, আগের থেকে অনেকটাই এখন ভাল আছেন দেবাশিস। যদিও ভিশন লস ট্রিটমেন্টের যে কথা হয়েছিল, এখনও তা শুরু হয়নি। কলকাতা পুলিশ তাঁদের সব রকম ভাবে সাহায্য করছেন বলেও জানানো হয় পরিবারের তরফে।
অন্যদিকে, পরিবারের তরফে এও জানানো হয়েছে, সিপি মনোজ ভার্মা তাঁদের আশ্বস্ত করে বলেছেন, যদি দরকার হয় কলকাতা পুলিশ ভবিষ্যতে অন্য কোনও রাজ্যে দেবাশিসকে নিয়ে গিয়ে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবে।
প্রসঙ্গত, নবান্ন অভিযানে বাঁ চোখ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় দেবাশিসের। সেই ঘটনায় রিঙ্কু সিং নামে একজনকে গ্রেফতারও করে পুলিশ।
দেবাশিস হাসপাতালে ভর্তি থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে দেখতে যান তৎকালীন মুখ্যসচিব বিপি গোপালিকা। তিনি জানিয়েছিলেন, সার্জেন্টের চিকিৎসার ভার রাজ্য নিয়েছে। চোখের যাই সমস্যা থাক, ভবিষ্যতে চাকরি নিয়ে দেবাশিসকে চিন্তা করতে হবে না।