
গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 19 February 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: সংসারের কাজকর্ম করাকালীন আচমকা সাপের ছোবল খান এক বধূ। হাতে রীতিমতো সাপের দাঁতের দাগ। ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে থাকেন ওই মহিলা। পরিবারের লোকজন অবশ্য হাসপাতালের পরিবর্তে মহিলাকে নিয়ে গিয়েছিলেন স্থানীয় এক ওঝার কাছে।
ঘটনাটি হুগলির আরামবাগের অন্তর্গত মায়াপুর ২ নম্বর পঞ্চায়েতের ডিহিবায়রা গ্রামের। তন্ত্র, মন্ত্র দিয়ে ওঝা নিজের কেরামতি শুরু করেছিলেন। কানাঘুষোভাবে প্রশাসনের কাছে পৌঁছয় সে খবর। এরপরই সেই ওঝার বাড়িতে পৌঁছে যান স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা।
সূত্রের দাবি, পুলিশকে দেখে ওঝার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। রীতিমতো কান্নাকাটি করে পুলিশ কর্তাদের হাতে পায়ে ধরে মাফ চান তিনি। এরপরই ওই ওঝাকে সতর্ক করে এবারের মতো ছেড়ে দেওয়া হয়।
একই সঙ্গে মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আর কিছুটা দেরি হলেই মৃত্যুর কোলে ঢলে পড়তেন ওই মহিলা। প্রশাসনের তৎপরতার প্রশংসা করছেন সকলে।
ওঝাকে গ্রেফতার করা হল না কেন? প্রশাসনের দাবি, এক্ষেত্রে শুধু ওঝাকে দায়ী করা যায় না। সাধারণ মানুষই এ বিষয়ে সচেতন নন। কারণ, ওই ওঝা কিন্তু কারও বাড়িতে যাননি। সাপে কামড়ানো মহিলার পরিবারের সদস্যরাই ওঝার বাড়িতে গিয়েছিলেন। তাই এবারের মতো সংশ্লিষ্ট ওঝাকে শুধু সতর্ক করা হয়েছে।