বড় প্রশ্ন তুলেছেন সুকান্ত, “তৃণমূলের মন্ত্রী হলে কি প্রটোকল প্রযোজ্য নয়? রাজ্যের মন্ত্রীদের মাথায় কি দুটো শিং গজিয়েছে? নিয়ম এক হলে সবাইকেই মানতে হবে।”

সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 15 September 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airpaort) কেন্দ্রীয় মন্ত্রীকে (Sukanta Majmudar) ‘প্রটোকল’-এর নামে হাঁটিয়ে প্রবল বিতর্কে রাজ্য পুলিশ। সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে অনেকটা দূরে নামিয়ে হেঁটে যেতে বাধ্য করলেন কলকাতা পুলিশের কর্তারা (Police)।
অভিযোগ, পুলিশের পক্ষ থেকে জানানো হয়— ‘ম্যাডাম’-এর নির্দেশে গাড়ি আর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সুকান্তবাবু বলেন, “পুলিশ বলছে ডিসি ম্যাডাম বারণ করেছেন। আমি স্পিকারের কাছে নোটিস পাঠাব। কোন এক্তিয়ারে উনি আমাকে আটকালেন? আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ, কিছুক্ষণ পরেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে কোনও বাধা না দিয়েই বিমানবন্দরের দরজার সামনে যেতে দেওয়া হয়। যা দেখার পর বড় প্রশ্ন তুলেছেন সুকান্ত, “তৃণমূলের মন্ত্রী হলে কি প্রটোকল প্রযোজ্য নয়? রাজ্যের মন্ত্রীদের মাথায় কি দুটো শিং গজিয়েছে? নিয়ম এক হলে সবাইকেই মানতে হবে।”
এই বৈষম্যমূলক আচরণে প্রবল রাগে ফেটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “এই অফিসারকে বলে যাচ্ছি, এর শেষ দেখে ছাড়ব। দিল্লিতে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওঠবস করাব। এটা বরদাস্ত করা যায় না।”
ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিজেপি নেতারা বলছেন, এটা ইচ্ছাকৃত অপমান। তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি প্রতিক্রিয়া না মিললেও, প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে— এক রাজ্যে কি দুই নীতি চলে?