
দুলাল সরকার
শেষ আপডেট: 4 January 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় বিহার যোগ মিলেছে। এবার পুলিশের সন্দেহ, দুলালের প্রতিবেশীর বাড়িতে বসেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়ে থাকতে পারে! কারণ এই ঘটনায় সম্প্রতি যাকে গ্রেফতার করা হয়েছে সেই যুবক তৃণমূল নেতার বাড়ির কাছেই থাকতেন বলে জানা গেছে।
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারই দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত মহম্মদ সামি আখতার এবং টিঙ্কু ঘোষের মধ্যে আখতারের বাড়ি বিহারে। ধৃতদের জেরা করে শুক্রবার আরও পাঁচজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাদের মধ্যে আব্দুল গনি নামে বিহারের আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বিহার যোগের বিষয়ে নিশ্চিত পুলিশ। কিন্তু অমিত রজক নামে অন্য এক ধৃতর গ্রেফতারির পরেই প্রতিবেশীর বিষয়টি নিয়ে ভাবনা শুরু হয়েছে।
পুলিশ জানতে পেরেছে, তৃণমূল নেতা খুনের কয়েকদিন আগে থেকেই ওই যুবকের বাড়িতে নাকি কয়েকজন অপরিচিত ব্যক্তির আনাগোনা বেড়েছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই দাবি করেছেন। তাহলে প্রতিবেশীর বাড়িতে বসেই খুনের পরিকল্পনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও যে বাড়ি নিয়ে সন্দেহ সেই বাড়িটি অমিতের নিজের নয়, তাঁর দিদার। তিনি মারা যাওয়ার পর মাঝেমধ্যে সেখানে এসে থাকত সে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেছেন, বিগত কয়েক সপ্তাহ ধরেই অমিতের ওই বাড়িতে বহু অপরিচিত যুবকরা আসত, তারা থাকতও সেখানে। এলাকার কেউই তাদের চিনত না। তাই স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ সূত্রের খবর, বড়দিনের দিনই বাবলা সরকারের ওপর হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেদিন তৃণমূল নেতার সঙ্গে প্রচুর লোকজন থাকায় প্ল্যান বদলাতে বাধ্য হয়েছিল তারা।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন দুলালবাবু। কাজকর্ম সেরে পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের ফ্যাক্টরির দিকে রওনা হন। সেখানেই মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে। দুলালবাবুকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে তারা। তাতেই তাঁর মৃত্যু হয়।