
রাজভবনের তিন কর্মীর নামে এফআইআর দায়ের
শেষ আপডেট: 17 May 2024 23:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কাণ্ডে এবার নয়া মোড়। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। শুক্রবার রাজভবনের ওই তিন কর্মীর নামে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে, তার ভিত্তিতেই চলছে অনুসন্ধান। লালবাজার আগেই জানিয়েছিল, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে তারা। ইতিমধ্যে ঘটনার দিন রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ।
এরই মধ্যে লালবাজার সূত্রের খবর, শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে অভিযোগকারিণী গোপন জবানবন্দি দিয়েছেন। প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযোগকারিনী দাবি করেছেন যে তিনি যাতে অভিযোগ দায়ের না করেন তা নিয়ে সেই সময় তাঁকে বোঝানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ এবং অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতেই রাজভবনের ওই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ।
সপ্তাহ খানেক আগে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। চাকরিতে স্থায়ীভাবে নিযুক্ত করার প্রলোভন দেখিয়ে রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তিনি। লোকসভা ভোট পর্বে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজ্য়নীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। বোসের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও পরে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন’ বলে দাবি করেন রাজ্যপাল। তোপ দেগে বলেন, এই দিদিগিরি তিনি মানবেন না।
এদিকে শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তৃণমূলের শিক্ষা সেল প্রতিবাদ আন্দোলনে নামে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করে। এসবের মধ্যেই এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হল।