
শেষ আপডেট: 18 August 2023 09:00
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর কাণ্ডে অভিযুক্তদের হস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ শুরু করল পুলিশ (Police reached Jadavpur university hostel for investigation)। তবে ধৃত নজনকে একসঙ্গে নয়, পৃথকভাবে তাঁদের ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশসূত্রে খবর।
৯ অগস্টের অভিশপ্ত রাতে ঠিক কী কী ঘটেছিল যাদবপুরের হস্টেলে সেটাই খতিয়ে দেখবে পুলিশ। কোন ঘরে প্রথম ডাকা হয়েছিল প্রথম বর্ষের ওই ছাত্রকে, এরপর কোথায় নিয়ে যাওয়া হয় তাকে, কোন ঘরে চিঠি লেখা হয়, বারান্দার কোন অংশ দিয়ে ওই ছাত্র নীচে পড়ে যায়, সবকিছুই খতিয়ে দেখবেন পুলিশকর্তারা। পুলিশের বক্তব্য, ধৃত ছাত্র সপ্তক কামিল্যা সেদিন ওই সময় হস্টেলে উপস্থিত ছিল। তাকে দিয়েই এই পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরপর অন্য অভিযুক্তদেরও নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ পর্ব চলবে। কারও বয়ানে কোনও অসঙ্গতি থাকছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
পুলিশকর্তারা জানান, ধৃত নয় ছাত্রের বক্তব্যে অনেক অসঙ্গতি রয়েছে। একজনের দেওয়া তথ্যের সঙ্গে অন্যজনের কথায় বিস্তর ফারাক পেয়েছেন তাঁরা। সেই কারণেই ন’জনকে একসঙ্গে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছেন না। পৃথকভাবে এই পর্ব চললে ধৃতদের বক্তব্যের অসঙ্গতিগুলি আরও স্পষ্ট হবে।
এদিন দুপুরে সপ্তককে প্রথমে যাদবপুর থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে। বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্টাডিজের ছাত্র ছিল সপ্তক। ধৃত সৌরভ, মনোতোষ ও দীপশেখরকে জিজ্ঞাসাবাদ করেই এগরার বাড়ি থেকে এই প্রাক্তনীকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছে তারা।
আরও পড়ুন: 'যাদবপুরে আমায় খুন করতে চাইছিল!' শুভেন্দু অধিকারী এফআইআর করলেন ছাত্রদের বিরুদ্ধে