হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোডের বাঁশতলা মোড়, জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান— এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডগুলিকে নাট-বল্টুর সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই তা ভেঙে পেরনো সম্ভব না হয়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 8 August 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ৯ অগস্ট। গত বছর এই দিনেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Case) চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক ডাক্তারি চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে জানা গিয়েছিল, ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। ওই ঘটনার এক বছর পরেও প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এই অভিযোগে আগামিকাল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে নাগরিক সমাজ।
যার জেরে নবান্ন এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে। এমন সম্ভাবনা মাথায় রেখে ইতিমধ্যেই নবান্নমুখী একাধিক রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা শুরু করল পুলিশ প্রশাসন (Police preparations)।
হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোডের বাঁশতলা মোড়, জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান— এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডগুলিকে নাট-বল্টুর সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই তা ভেঙে পেরনো সম্ভব না হয়।
এছাড়াও মল্লিক ফটক, কাজীপাড়া, ব্যতাই তলা সহ আরও বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার তৈরি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। প্রশাসনের দাবি, বিশৃঙ্খলা ঠেকাতেই এই ব্যবস্থা।
পাশাপাশি, সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল রুম (Temporary control room, Santragachi)। লোহার কন্টেনারেই থাকবে পুলিশের এই বিশেষ নজরদারি ইউনিট। শুক্রবার বিকেলে সেখানে ও হাওড়া-সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা পর্যালোচনায় বৈঠকে বসবেন রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
সূত্রের খবর, শনিবারের অভিযান ঘিরে বিভিন্ন ব়্যাঙ্কের পুলিশকর্মীদের একাধিক স্তরে মোতায়েন করা হবে। বড় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্ক রয়েছে গোটা প্রশাসন।