
সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 28 August 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ নামিয়ে বনধ বানচালের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বিজেপি। বনধ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে বুধবার বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক থেকে বনধ সফল দাবি করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "বনধকে ব্যর্থ করতে পুলিশ এবং তৃণমূলের বাহিনী মাঠে নেমেছিল। এর থেকেই প্রমাণিত, দিদিমণি ভয় পেয়েছেন।"
এদিন রাজ্য সরকার বেসরকারি বাসকে রাস্তায় নামতে বাধ্য করেছিল বলে অভিযোগ করে সুকান্ত বলেন, "ভয় দেখিয়ে রাস্তায় বাস নামানো হয়েছে, কিন্তু বাসে লোক ছিল না বললেই চলে। এর থেকেই প্রমাণিত মানুষের স্বতস্ফূর্ত সাড়া মিলেছে এই বনধে।"
এদিন টিএমসিপির মঞ্চ থেকে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে ফোঁস করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, "সাংবিধানিক পদে থেকে উনি বলেছেন, বাংলায় অশান্তি হলে উত্তর পূর্ব ভারত জ্বলবে! একজন মুখ্যমন্ত্রীর এহেন ভাষা মেনে নেওয়া যায় না। এটা তো বাংলাদেশের জামাতদের ভাষা। কেন্দ্রীয় এজেন্সিকে বলব, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশি কোন কোন শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন, সেদিকে নজর দিতে।"
সুকান্তর আরও অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রকৃত ঘটনা থেকে নজর ঘোরাতে সিবিআইকে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী।