
শেষ আপডেট: 22 November 2023 17:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাম সীতা খোদাই করা সোনার কয়েন বিক্রি করছিলেন কয়েকজন। নকল বলে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। তারপরেই তিন ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনা তারকেশ্বরের মোক্তারপুর এলাকার। তাদের কাছ থেকে ত্রিশটির বেশি নকল সোনার কয়েন উদ্ধার হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় কয়েন বিক্রি করছিল তিনজন। জড়ো হওয়া লোকজনদের তারা জানায়, মাঠে কাজ করতে গিয়ে কয়েনগুলি পেয়েছেন। যে যেমন খুশি দাম দিলেই তা দিয়ে দেবেন। তারকেশ্বর এলাকায় আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এবং বহু মানুষ নকল সোনার কয়েন কিনে হাজার হাজার টাকা খুইয়েছেন। সেই অভিজ্ঞাতা থেকেই কয়েকজন নানা প্রশ্ন করা শুরু করে। অসংলগ্ন উত্তর পেয়ে খবর দেয় পুলিশে। তারকেশ্বর থানার পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, পরে নকল সোনার কয়েন বিক্রি করতে আসা তিন ব্যক্তিই স্বীকার করে তারা এই কয়েন শিয়ালদা থেকে কুড়ি পঁচিশ টাকায় কেনেন এবং বিভিন্ন এলাকায় হাজার হাজার টাকায় বিক্রি করেন। গোটা চক্রটিকে ধরার জন্য ওই তিনজনকে জেরা করছে পুলিশ। ধৃতরা তিনজনেই ক্যানিং এর বাসিন্দা বলে জানা গেছে।