
চন্দ্রকান্ত বণিক
শেষ আপডেট: 1 April 2025 13:18
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় বাজি কারখানার মালিক তথা দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বিরুদ্ধে খুনের চেষ্টায় (Attempt to murder) জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল।
সদ্য পাওয়া খবর, ইতিমধ্যেই চন্দ্রকান্তকে ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে আটক (Detained) করেছে ঢোলাহাট থানার পুলিশ। চন্দ্রকান্তের ভাই তুষার, যিনি কিনা কারখানার যৌথ মালিক, তাঁকে এখনও ধরা যায়নি।
ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ছ'টি ধারায় মামলা রুজু করা হয়েছে চন্দ্রকান্ত ও তুষারের বিরুদ্ধে। শুধু তাই নয়, দুই ভাইয়ের বিরুদ্ধে দমকল আইনেও মামলা রুজু করেছে পুলিশ।
বস্তুত, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট (Patharpratima News) থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima Blast) বণিক পরিবারের আট সদস্যের। যাঁদের মধ্যে রয়েছে দু'জন সদ্যজাত-সহ চার শিশুও।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে যে বিপত্তি হয়েছে তা নয়, বরং প্রায় এক দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। তারপর সিলিন্ডার ফাটে। বাড়ির মধ্যেই ছিল বেআইনি বাজির কারখানা।
আজ অর্থাৎ মঙ্গলবার গ্রামে যাওয়ার কথা রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।