
শেষ আপডেট: 8 December 2023 00:07
দ্য ওয়াল ব্যুরো: ডামি হয়ে পরীক্ষায় বসলেই মিলবে নগদ ৪০ হাজার টাকা! সঙ্গে কলকাতা ভ্রমণের সুযোগ। থাকা, খাওয়াও ফ্রি।
সম্প্রতি কলকাতায় পুলিশ কনস্টেবলের পরীক্ষায় নিউ মার্কেট, বালিগঞ্জ ও ভবানীপুরের একাধিক পরীক্ষাকেন্দ্র থেকে ৯ জন ডামি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। তাদের জেরা করেই এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। যা শুনে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন পুলিশ কর্তারা।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এরাজ্যের কিছু চাকরির পরীক্ষামূলক কোচিং সেন্টারের সঙ্গে ঝাড়খণ্ড, বিহারের কিছু কোচিং সেন্টা্রের যোগসাজশ রয়েছে। পরীক্ষায় না বসেও চাকরি পেতে চায় অনেকে। এমন পরীক্ষার্থীদের কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকার চুক্তি করে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি। বিনিময়ে ঝাড়খন্ড, বিহারের কোচিং সেন্টারের মাধ্যমে বাছাই করা ডামি পরীক্ষার্থীদের নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে আনা হয়।
ধৃত ৯জন ডামি পরীক্ষার্থীকে জেরা করে পুলিশের সন্দেহ, এই ধরনের বেআইনি কার্যকলাপ দীর্ঘদিন ধরেই চলছে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিশ।
নিউ মার্কেট এলাকার পরীক্ষাকেন্দ্র থেকে রুবি কুমারী ও পুনম কুমারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, রুবি ও পুনমের বাড়ি ঝাড়খণ্ডের কোডারমা এলাকায়। সাধারণ পরিবারের ওই দুই তরুণী পড়াশোনার সূত্রে কোডারমা থেকে হাজারিবাগে আসেন। নিজেরা কলেজে পড়ার পাশাপাশি টিউশনওপড়ায়। একই সঙ্গে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল।
সেখান থেকেই তাঁদের ডামি পরীক্ষার্থী হিসেবে কলকাতায় পুলিশের কনস্টেবল পরীক্ষায় পরীক্ষা দিতে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। যে দুই চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে তারা পরীক্ষা দিতে আসে, তাঁদের ছবির সঙ্গে মুখের মিল থাকলেও আঙুলের ছাপ মেলেনি। এরপরই ধৃতদের হেফাজতে নেয় পুলিশ। টানা জেরার মুখে আসল ঘটনা পুলিশকে জানায় তাঁরা। ধৃতদের জেরা করে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।