
শেষ আপডেট: 9 November 2022 17:54
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে রাত পেরিয়ে গেলেও ২০১৪ টেট নন ইনক্লুডেড প্রার্থীদের বিক্ষোভে (TET Protest) উত্তপ্ত কলকাতা। রবীন্দ্রসদনের পর এবার শিয়ালদহ স্টেশনে (Sealdah station) পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তির ছবি সামনে এল। রবীন্দ্রসদনের সামনে থেকে যাঁদের এদিন আটক করেছিল পুলিশ, তাঁদের মুক্তির দাবিতে রাতে শিয়ালদহ স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, সেই বিক্ষোভের মাঝেই পুলিশ এসে তাঁদের জোর করে সরিয়ে দেয়।
বুধবার সকাল থেকেই টেট চাকরিপ্রার্থীরা কলকাতার রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেন। তাঁদের দাবি, প্রাথমিকে সরাসরি নিয়োগ দিতে হবে। কিন্তু এই বিক্ষোভ আটকাতে সক্রিয় ছিল পুলিশও। বেলা বাড়তেই এক্সাইড মোড়ে যখন বিক্ষোভের তেজ বাড়তে থাকে তখন পুলিশ সেই বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এমনকী, এক মহিলা চাকরিপ্রার্থীর হাতে পুলিশ কামড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে।
পুলিশি 'জুলুম' আটকাতে অনেকেই রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তুলে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, রাত বাড়লেও আটক করা শতাধিক চাকরিপ্রার্থীকে ছাড়া হয়নি। তাঁদের মুক্তির দাবিতে এদিন সন্ধে হতেই শিয়ালদহ চত্বরে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। তবে পুলিশ এসে তাঁদের বিক্ষোভ তুলে দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের ওপর জুলুম করেছে। জোর করে আটক করছে। তাঁদের কথায়, এত রাতে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা হবে। পুলিশ তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করছে না বলে অভিযোগ। তা ছাড়াও সঙ্গীদের না নিয়ে তাঁরা ফিরবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কাছে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। সেই মতো বিভিন্ন জায়গা থেকে জড়ো হন চাকরিপ্রার্থীরা। তবে তার আগেই পুলিশ সেই বিক্ষোভ তুলে দেয়। একই চিত্র দেখা গেল বুধবার রাতেও।
মহিলা পুলিশ কামড়ে দিলেন চাকরিপ্রার্থীকে! রবীন্দ্রসদনে রক্তারক্তি