.webp)
শেষ আপডেট: 14 November 2023 20:06
দ্য ওয়াল ব্যুরো: কাঁঠাল পাতা কাটাকে কেন্দ্র করে পড়শির ঝামেলা গড়িয়েছিল থানায়। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ধরতে এসে তার ভায়ের বউয়ের হাতে মার খেলেন পুলিশ কর্মীরা!
মু্র্শিদাবাদের রানিনগর থানার ঝাউবাড়িয়া এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশের কাজে বাধা দান, মারধরের অভিযোগে অভিযুক্তের ভাই ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর বাগানের কাঁঠাল পাতা কাটার অভিযোগ ওঠে স্থানীয় মুকুল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হন কাঁঠাল বাগানের মালিক। ঘটনার তদন্তে দুপুরে ঝাউবাড়িয়া গ্রামে আসে রানিনগর থানার পুলিশ। পুলিশকে দেখে পালিয়ে যায় অভিযুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিযুক্তের ভাই মিজারুল ইসলাম। পুলিশ মিজারুলকে থানায় তুলে নিয়ে যেতে গেলে বাধা দেয় তাঁর স্ত্রী।
অভিযোগ, বচসা চলাকালীন পুলিশের গায়ে হাত তোলে মিজারুল সেখের স্ত্রী শিখা বিবি। এমনকী এক পুলিশ কর্মীর জামার বোতামও ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই মিজারুল ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। যদিও শিখা বিবির দাবি, “মারধর করা হয়নি, ধস্তাধস্তির সময় পুলিশের জামার বোতাম খুলে গিয়েছে।”
স্থানীয়দের একাংশেরও দাবি, তদন্তের নামে গ্রামে এসে পুলিশ জুলুমবাজি শুরু করে। পুলিশের মারে এক কিশোরের হাতও ভেঙে যায়। এরপরই রণংদেহী মুর্তি ধারণ করেন ওই মহিলা।