
শেষ আপডেট: 17 October 2023 17:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মহিলা। কিন্তু সেই সিদ্ধান্তে রাজি ছিলেন না তাঁর পুরুষসঙ্গী। এ নিয়েই বাঁধে দুজনের মধ্যে বচসা। আর পরিণতিতে খুন হতে হয় যুবককে! এমনই একটি ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানা এলাকার শেরপুরে। ঘটনাটিতে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বলাগড় থানার শেরপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে মগড়া থানার ত্রিবেনীর গৃহবধূ পার্বতী বিশ্বাসের প্রণয়ের সম্পর্ক ছিল। বছর চৌত্রিশের বিশ্বজিৎ ভিন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতেন। পুজোর সময় দিন দুয়েক আগে উড়িষ্যা থেকে বাড়ি ফেরেন তিনি। সোমবার দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।
মৃতের পরিবারের তরফে ওই গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটিতে বিশ্বজিতের দাদা সমীর বিশ্বাস তাঁর ভাইকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। সমীরের বক্তব্য, ‘‘ত্রিবেণীর বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। আমাদের বিয়েতে আপত্তি ছিল না। মাস তিনেক আগে একবার ওই মহিলা আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে মারধোর করে। খুনেরও হুমকি দিয়েছিল।’’
টাকার জন্য বিশ্বজিৎকে চাপ দিতেন ওই মহিলা এমনটাও যুবকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,গৃহবধূর স্বামী কাশ্মীরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ইদানিং বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন অভিযুক্ত মহিলা। কিন্তু সম্পর্ক ভেঙে দিতে রাজি ছিলেন না বিশ্বজিৎ। প্রেমিক বিশ্বজিৎ তাকে উত্যক্ত করত,পুলিশি জেরায় একথা জানিয়েছেন ওই গৃহবধূ। খুনের ঘটনায় গৃহবধূর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বধূকে গ্রেফতার করে পুলিশ।