
শেষ আপডেট: 8 November 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাত হলেই হল। মহালয়ার পরদিন থেকে শুরু হয়েছে উৎপাত। মাস গড়াতে চলল, এখনও সমাধান মেলেনি। রাত বাড়লেই এখনও শব্দ হচ্ছে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটুয়া গ্রামের উত্তম বিশ্বাসের বাড়িতে। থান ইট ফেলে দিলে বা কেউ ছুঁড়ে মারলে যেমন শব্দ হয়, তেমন। যত রাত বাড়ে, শব্দও নাকি বাড়তে থাকে!
কে করছে এই শব্দ, কোথা থেকেই বা হচ্ছে তা খুঁজে দেখার চেষ্টা করেও হদিশ করতে পারেননি বাড়ির লোক। প্রতিবেশীরাও শুনেছেন এমন উৎপাতের কথা। তবে শব্দের উৎস খুঁজে পাননি। আতঙ্কে রাতের ঘুম চলে গিয়েছে বিশ্বাস পরিবারের। নির্ঘাত ভূত, এমনটাই বিশ্বাস তাঁদের। তাই ওঝা গুণিনেরও দ্বারস্থ হয়েছেন।
ব্যান্ডেল বাজারে মুরগি বিক্রি করতে যান ভাটুয়া গ্রামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহের দেখা হয়। ঘটনা শুনে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা গত শুক্রবার ভাটুয়া গ্রামে যান। কথা বলেন উত্তম বিশ্বাসের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে। উত্তম ও তাঁর স্ত্রী পুর্ণিমা বলেন, “দেওয়ালে জোরে ইট ঠুকলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। সেই শব্দের রেশ অনেকক্ষণ থাকছে। আমরা ছাদে গিয়ে দেখেছি। বাড়ির চারিদিকেও ঘুরে কাউকে দেখতে পাইনি। কিন্তু রাত হলেই শব্দ বাড়ে।”
সন্দীপবাবু বলেন, “কেউ অসৎ উদ্দেশ্যে এমন করছে কিনা তা দেখা দরকার। এখানে কিছু ছুড়ে দিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়া সম্ভব। কারণ গায়ে গায়ে বাড়ি। তাই শব্দের কম্পন অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে। এটা তাঁদের নজরে এসেছে।” তবে এখনও বিষয়টির কিনারা হয়নি। জানা গেল, বিজ্ঞান মঞ্চ ঘুরে যাওয়ার পরে দু’দিন শব্দ একটু কমেছিল। এখন আবার যে কে সেই। সন্দীপবাবু জানান, মানুষের কুসংস্কার দূর করতে আবারও ওই বাড়িতে ওই গ্রামে যাবে বিজ্ঞান মঞ্চ।