দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলন নিয়ে এবার বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করলেন, বিরোধীদের উস্কানিতেই ভুল বুঝছেন কৃষকরা। আজ মঙ্গলবার গুজরাতের কচ্ছের একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময়ে তিনি দাবি করেন, কৃষকদের সঠিক পথে নিয়ে আসবেন।
এদিনের অনুষ্ঠানের মঞ্চ্চ থেকে গলা চড়িয়ে মোদী রীতিমতো হুঁশিয়ারি দেন, "কৃষি আইন নিয়ে বিরোদীদের এই ভুল বোঝানোর ফল ভাল হবে না। এ কাজ করে কোনও লাভই হবে না। কৃষকদের সরকার ঠিক বুঝিয়ে দেবে আসল আইন।"
এই প্রথম নয়। অনেক দিন ধরেই প্রধানমন্ত্রী মোদী দাবি করে আসছেন, নতুন কৃষি আইন তৈরি হয়েছে কৃষকদের স্বার্থেই। কৃষকেরা বহু বছর ধরে যে কৃষি-সংস্কারের দাবি জানিয়ে এসেছেন, সেটাই কার্যকর করা হয়েছে নতুন আইনে। দীর্ঘ দিন ধরেই কৃষকরা নিজেদের উৎপাদিত দ্রব্য নিজেদের ইচ্ছে মত বিক্রির দাবি জানিয়ে আসছিল, তার সপক্ষেই রয়েছে এই বিল। সবমিলিয়ে, প্রকৃতপক্ষেই কৃষকদের কল্যাণে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের ভুল বোঝানোর কারণেই এই আইনের প্রকৃত রূপরেখা পৌঁছচ্ছে না কৃষকদের কাছে, এমনটাই বারবার দাবি করেছেন তিনি।
দিল্লির সীমান্তে প্রায় ২০ দিন ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক। তাঁদের দাবি একটাই, কৃষিবিল প্রত্যাহার করতে হবে। সংশোধন বা সেরকম কোনও আপসে রাজি নন তাঁরা। বিল প্রত্যাহারের অবস্থান থেকে তাঁরা অনড়। ইতিমধ্যেই সরকারের সঙ্গে কয়েক দফার আলোচনায় কোনও সমাধান বেরোয়নি।
আজ মোদীজির বক্তৃতার পরে প্রশ্ন উঠেছে, যদি কৃষি আইন কৃষকদের পক্ষে কল্য়াণকরই হবে, তবে তা এতগুলো আলোচনার পরেও সরকার কৃষকদের বোঝাতে পারল না কেন? এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আলাদা করে আলোচনা করলেন কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে, তিনিও কেন বিশ্বাস করাতে পারলেন না এ আইনের সুবিধাগুলি।
মোদী এদিন বলেন, "ভারত সরকার সবসময়ই কৃষকদের মঙ্গলের জন্য দায়বদ্ধ। আমরা কৃষকদের নিশ্চিত করছি, তাঁদের দিকগুলি বিবেচনা করে দেখা হবে।"
গত সপ্তাহেই বিজেপির তরফে দাবি করা হয়, কংগ্রেস আসলে সরকারের বিরোধিতা করার স্বার্থে নিজেরাই নিজেদের জায়গা থেকে সরে যাচ্ছে, কৃষকদের ভুল বোঝাচ্ছে তারাই। এদিন ফের সেই একই সুরে বিরোধীদের আক্রমণ করলেন মোদী, কৃষি আইনের পক্ষে সুর চড়ালেন একই সঙ্গে।