দ্য ওয়াল ব্যুরো : সেই ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, জনগণের জন্য এক টাকা বরাদ্দ করলে মাত্র ১৫ পয়সা যথাস্থানে গিয়ে পৌঁছায়। মঙ্গলবার বারাণসীতে প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ওই উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস বহু আগেই দুর্নীতির কথা মেনে নিয়েছে। কিন্তু তা বন্ধ করার চেষ্টা করেনি।
তাঁর কথায়, আপনারা নিশ্চয় জানেন, এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, এক টাকা বরাদ্দ করলে তার মধ্যে কেবল ১৫ পয়সা জনগণের কাছে পৌঁছায়। বাকি ৮৫ পয়সা মাঝপথে হাওয়া হয়ে যায়। যে দল দীর্ঘকাল দেশ শাসন করেছে, তারা একথা মেনেই নিয়েছিল। দুঃখের বিষয়, সেই দল জনগণের সম্পত্তি চুরি হওয়া আটকাতে চেষ্টা করেনি। মানুষ কর দিয়েছে আর প্রতি টাকায় ৮৫ পয়সা করে হাওয়া হয়ে গিয়েছে। কংগ্রেসের এই ব্যবস্থা পালটাতে না পারলে গত কয়েক বছরে জনগণের জন্য যে ৫ লক্ষ ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে সাড়ে চার লক্ষ কোটি টাকাই হাওয়া হয়ে যেত।
অনাবাসী ভারতীয়দের প্রশংসা করে মোদী বলেন, তাঁরা বিদেশে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভারতীয়রা যে যোগ্য, সেকথা তাঁরা প্রমাণ করেছেন। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা মরিশাস, পর্তুগাল এবং আয়ারল্যান্ডের মতো দেশে নেতৃত্ব দিচ্ছেন।
অতীতেও রাজীব গান্ধীর ওই মন্তব্য উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মোদী। গত সেপ্টেম্বরে ছত্তিসগড়ে এক সভায় তিনি বলেন, আগে কি টাকা বরাদ্দ করা হত না? সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক কি আগে ছিল না? আগে কি ইঞ্জিনিয়াররা ছিলেন না? মানুষ কি আগে উন্নয়নমূলক কাজ চাইতেন না? কিন্তু কাজ হত না। কেন হত না? এক প্রাক্তন প্রধানমন্ত্রীই বলেছিলেন, প্রতি টাকার মধ্যে মাত্র ১৫ পয়সা গ্রামোন্নয়নে ব্যয় হয়।
এবার ভোটের আগে দুর্নীতির ইস্যুতেই সরকারকে চেপে ধরার চেষ্টায় আছে বিরোধীরা। গত কয়েক মাস ধরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বারে বারে তুলেছেন রাফায়েল প্রসঙ্গ। তাঁর অভিযোগ, বেশি দাম দিয়ে ফ্রান্স থেকে ওই জেট বিমান কেনার চুক্তি করেছে এনডিএ সরকার। মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্যই ওই চুক্তি করা হয়েছিল।
বিজেপি তার জবাবে তুলেছে বফর্সের কথা। তাদের দাবি, কংগ্রেস আমলে দেশ জুড়ে যে দুর্নীতি হত, তাতে ধাক্কা খেয়েছে অর্থনীতি। ব্যাহত হয়েছে উন্নয়ন। মঙ্গলবার প্রবাসী ভারতীয় দিবসেও রাজীব গান্ধীকে উদ্ধৃত করে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন মোদী।