দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির আশপাশে কৃষকদের আন্দোলন চলছে দু'মাসের বেশি সময় ধরে। কংগ্রেস সহ প্রায় প্রতিটি বিরোধী দল আন্দোলনে সমর্থন জানিয়েছে। সোমবার রাজ্যসভায় কৃষি আইনগুলি জোরালো ভাষায় সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, কংগ্রেসও একসময় কৃষি ক্ষেত্রে সংস্কারের কথা বলেছিল। এখন সুযোগ বুঝে তারা পাল্টি খেয়েছে। একথা প্রমাণ করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য উদ্ধৃত করেন মোদী। কৃষকদের প্রতি তিনি ফের আহ্বান জানান, তাঁরা যেন আন্দোলন শেষ করেন। সরকারের সঙ্গে ফের আলোচনায় বসেন।
প্রধানমন্ত্রীর কথায়, "আমরা আলোচনার জন্য তৈরি। আমি আপনাদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি।" কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইন কার্যকরী হলে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া যাবে না। মোদী এদিন বলেন, "এমএসপি থা, এমএসপি হ্যায় আউর এমএসপি রহেগা। কেউ যেন ভুল খবর না রটান।" পরে তিনি বলেন, "আমাদের সামনের দিকে এগোতে হবে। পিছিয়ে গেলে চলবে না। কৃষিতে সংস্কার করে দেখতে হবে কী ফল হয়?"
মোদীর বক্তব্য, বিরোধীরা কৃষক আন্দোলন নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুপ করে আছেন। তিনি নির্দিষ্ট তথ্য দিয়ে বলেন, ১৯৭১ সালের পরে প্রান্তিক চাষির সংখ্যা ৫১ শতাংশ থেকে ৬৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাঁর কথায়, "দেশের ৮৬ শতাংশ চাষির জমির পরিমাণ দুই হেক্টরের কম। তার মানে ১২ কোটি চাষি প্রান্তিক অবস্থানে আছেন। এই চাষিদের প্রতি কি দেশের কোনও দায়িত্ব নেই?"
কেন্দ্রীয় সরকার প্রান্তিক চাষিদের জন্য কী প্রকল্প নিয়েছে তা তুলে ধরেন মোদী। পরে তিনি বলেন, প্রত্যেক সরকারই কৃষিক্ষেত্রে সংস্কারের কথা বলেছে। কিন্তু এখন তারা ভিন্ন অবস্থান নিয়েছে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা সরকারের সমালোচনা করছেন করুন। কিন্তু সেই সঙ্গে চাষিদের বুঝিয়ে বলুন, কৃষিক্ষেত্রে কী সংস্কার করলে তাঁদের ভাল হতে পারে।"
এরপর প্রধানমন্ত্রী বলেন, "মনমোহনজিও বলতেন, চাষিদের খোলা বাজারের সুবিধা দিতে হবে। একটি অভিন্ন বাজার হয়ে ওঠার যে বিপুল সম্ভাবনা ভারতের আছে, তা বাস্তবায়িত করতে হবে।" কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, "মনমোহনজি যা বলে গিয়েছেন, মোদীকে তাই করতে হচ্ছে। এতে আপনাদের গর্ব হওয়া উচিত।"