
শেষ আপডেট: 23 September 2019 03:30
হাউডি মোদী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, "কিছু মানুষের সমস্যা হয়েছে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ রদ হওয়ার ফলে। এরা সেই সব মানুষ যাদের নিজের দেশ পরিচালনার ক্ষমতা-ই নেই।" এখানেই থামেননি মোদী। তিনি আরও বলেন, অনুচ্ছেদ ৩৭০ বিলোপ হওয়াতে তাদের সমস্যা হয়েছে যারা সন্ত্রাসবাদকে আশ্রয় ও মদত দেয়। গোটা বিশ্ব তাদের ভালো ভাবেই জানে।
অনাবাসী ভারতীয়দের ওই সমাবেশে মোদী বলেন, "অনুচ্ছেদ ৩৭০-এর অস্তিত্ব মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে, জম্মু-কাশ্মীর ও লাদাখকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। ওই সব এলাকায় সন্ত্রাসবাদীদের সুবিধা করে দিয়েছে। এখন অনুচ্ছেদ ৩৭০ বাতিল হয়ে যাওয়ায় ওই এলাকার মানুষ গোটা দেশের সঙ্গে উন্নতিতে সওয়ার হতে পারবে। সমানাধিকার পাবে। মোদী বলেন, "জম্মু-কাশ্মীরের সব সমস্যাকে আমরা গুডবাই করে দিয়েছি।"
মোদী এর পরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। সরাসির পাকিস্তানের নাম না নিলেও ইসলামাবাদকে স্পষ্ট নিশানা করে সমঝে দেন যে সেই লড়াইয়ে ভারত ও আমেরিকা এক জোট থাকবে। তিনি বলেন, “আমেরিকায় নাইন ইলেভেন হোক বা মুম্বইয়ে সেভেন ইলেভেন হোক, ষড়যন্ত্রকারীরা কোথাকার? এর বিরুদ্ধে শেষ লড়াই লড়ার সময় এসে গিয়েছে। এখানে জোর দিয়ে বলতে চাই, এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বাত্মক সমর্থন রয়েছে। এ জন্য আমরা সবাই ওঁকে অভিনন্দন জানাচ্ছি।”
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে নিজের লেখা কবিতার লাইনও শোনান মোদী। বলেন, “ও যো মুশকিলো কা অম্বর হ্যায়, ওহি তো মেরে হৌঁসলো কি মিনার হ্যায়।”