দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী মানেই চমক। কখনও হাতে ক্যামেরা, কখনও পরণে দশলাখি স্যুট। মহাবলীপুরমেও চমক দিলেন তিনি। শুক্রবারের বৈঠকের পরে শনিবার ভোর হতেই অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। মমল্লাপুরমের সৈকতে মর্নিং ওয়াক করতে বেরিয়ে নিজের হাতেই কুড়োলেন প্লাস্টিকের বর্জ্য। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনাও জড়ো করে বড় ব্যাগে ভরলেন।
নিজের হাতেই সাফাই অভিযান, দেখুন ভিডিও:
https://twitter.com/ani/status/1182867186890747904?s=12
গত সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে জন্য দিঘায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন ভোর বেলায় সৈকতে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। দেখেন প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিচে। বৈঠকের প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "আমি সকালে হাঁটতে বেরিয়ে দেখলাম, সৈকতে প্লাস্টিক পড়ে রয়েছে। আমি পারতাম কুড়িয়ে নিতে। কোনও কাজই ছোট নয়। কিন্তু কেন পড়ে থাকবে? কেন নোংরা থাকবে সি-বিচ? আপনারা দেখুন। পরের বার এসে যেন এগুলো আমাকে না দেখতে হয়।"
নরেন্দ্র মোদী এবং শি জিনপিং-এর ঘরোয়া আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে দ্রাবিড়ীয় সভ্যতার চিহ্নবাহী তামিলনাড়ুর ঐতিহাসিক শহর মহাবলীপুরমকে। গতকাল রাতে দুই রাষ্ট্রনেতার একান্তে প্রায় আড়াই ঘণ্টার নৈশভোজে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি, নতুন বিনিয়োগ, সন্ত্রাস ইত্যাদি নানা প্রসঙ্গ উঠে এসেছে। দু’দেশই মৌলবাদ এবং সন্ত্রাসবাদের শিকার। স্থির হয়েছে, সন্ত্রাসবাদ যাতে দু’দেশের বহুস্তরীয় সংস্কৃতি ও সমাজকে বিনষ্ট না করতে পারে সে জন্য একত্রে কাজ করা হবে।
সরকারের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সকালে দুই নেতা ছ’ঘণ্টা ধরে আলোচনা করবেন। তারপর আলাদাভাবে বিবৃতি দেবেন দু’জনেই। বৈঠকের উদ্দেশ্য হল দুই দেশের প্রশাসনের সর্বোচ্চ স্তরে বোঝাপড়া গড়ে তোলা। মোদী ও শি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন।