দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন প্রান্তে প্রচারের পর বৃহস্পতিবার নিজের কেন্দ্র বারাণসীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি থাকবেন দু’দিন। বৃহস্পতিবার বিকালে তাঁর বারাণসীতে রোড শো করার কথা আছে। শুক্রবার এই কেন্দ্রে তিনি মনোনয়ন জমা দেবেন।
এদিন বিকালে তীর্থভূমি বারাণসীতে পৌঁছবেন মোদী। বেনারস হিন্দু ইউনিভার্সিটির গেট থেকে শুরু হবে তাঁর রোড শো। বিশ্বনাথের মন্দির ও গঙ্গার ঘাটগুলির পাশ দিয়ে চলবে রোড শো। শেষ হবে দশাশ্বমেধ ঘাটে গিয়ে। সেখানে সন্ধ্যারতির সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় বারাণসীর বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলবেন।
এদিন রোড শো-য় উপস্থিত থাকবেন বিজেপির সভাপতি অমিত শাহ, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। শুক্রবার মোদীর মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল এবং শিব সেনার উদ্ধব ঠাকরে।
শুক্রবার বারাণসীতে বিখ্যাত কালভৈরবের মন্দিরে যাবেন মোদী। তার আগে বিজেপি কর্মীদের জমায়েতে ভাষণ দেবেন। পরে জেলা কালেক্টরেটের অফিসে মনোনয়ন জমা দেবেন। প্রধানমন্ত্রী বারাণসীতে যথেষ্ট জনপ্রিয়। কিন্তু কয়েকটি ব্যাপারে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভও আছে। রাজ্য সরকারের একটি প্রকল্পে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটি চওড়া করা হয়েছিল। তাতে বেশ কয়েকটি শতাব্দীপ্রাচীন বাড়ি ও মন্দির ভাঙা পড়েছে।
একটি মহল থেকে শোনা যাচ্ছে, বারাণসীতে মোদীর বিপক্ষে প্রার্থী হতে পারেন কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী। সত্যি যদি তিনি প্রার্থী হন, তাহলে এই কেন্দ্রের গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। কংগ্রেস এখনও বারাণসীর প্রার্থীর নাম ঘোষণা করেনি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এসম্পর্কে প্রশ্ন করা হলে জানিয়েছেন, এই ব্যাপারে সাসপেন্স থাকুক। প্রিয়ঙ্কা নিজে বলেছেন, দল যা সিদ্ধান্ত নেবে, তিনি তাই মেনে নেবেন।
একটি সূত্রের খবর কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী চান না প্রিয়ঙ্কা বারাণসী থেকে প্রার্থী হন। গত জানুয়ারিতে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন প্রিয়ঙ্কা। প্রথমবার তিনি মোদীর মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামুন, তাঁর মা চান না। কিন্তু প্রিয়ঙ্কার বক্তব্য, তিনি হারুন বা জিতুন, কিছু যায় আসে না।
গত সোমবার সমাজবাদী পার্টি মোদীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে শালিনী যাদবের নাম ঘোষণা করেছে। প্রশ্ন হল, প্রিয়ঙ্কা যদি ওই কেন্দ্রে প্রার্থী হন, তাহলে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোট কি তাঁকে সমর্থন করবে? সেক্ষেত্রে শালিনী যাদবকেও প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে।