দ্য ওয়াল ব্যুরো : বুধবার সন্ধ্যা ছ'টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এই প্রথম এনডিএ মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। আগামী বছরে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন কয়েকজনকে মন্ত্রী করা হবে।
আপাতত যাঁরা মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিজেপি নেতা নারায়ণ রানে, বরুণ গান্ধী এবং লোক জনশক্তি পার্টির নেতা পশুপতি পরশ। মন্ত্রিসভার সম্প্রসারণের ফলে কেন্দ্রে মন্ত্রীদের এক বড় অংশ হবেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি (ওবিসি) সম্প্রদায়ভুক্ত।
কয়েকজন মহিলাকেও এবার মন্ত্রী করা হতে পাররে বলে মনে করা হচ্ছে। যাঁদের অতীতে প্রশাসনিক অভিজ্ঞতা আছে, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে পিএইচডি, এমবিএ, পোস্ট গ্রাজুয়েট ও পেশাজীবীরা বিশেষ গুরুত্ব পাবেন। সরকার জানিয়েছে, দেশে সমবায় আন্দোলন জোরদার করার জন্য নতুন সমবায় মন্ত্রক গঠন করা হবে।
মন্ত্রিসভার রদবদলের আগে সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলোটকে রাজ্যপাল করা হয়েছে। এর ফলে রাজ্যসভায় একটি আসন ফাঁকা হল। ওই আসনে নির্বাচিত হতে পারেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দীনেশ ত্রিবেদি অথবা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদ।
সম্ভাব্য মন্ত্রী হিসাবে অপর যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আছেন আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, পঙ্কজ চৌধুরি, রিতা বহুগুণা যোশি, রামশংকর কাথেরিয়া, লাল্লান সিং ও রাহুল কাসওয়ান। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮১ জন মন্ত্রী হতে পারেন। এখন সেখানে আছেন ৫২ জন। আরও ২৯ জনকে মন্ত্রী করা যেতে পারে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবে কিনা এখনও স্পষ্ট নয়। ২০১৯ সালে মোদী তাদের একটি মন্ত্রক দিতে চেয়েছিলেন। নীতীশ কুমার তা নিতে অস্বীকার করেন। শোনা যায়, নীতীশের পরামর্শেই কিছুদিন আগে এলজেপি-র পাঁচজন সাংসদ দলের শীর্ষ নেতা চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। গতবছর বিধানসভা ভোটে নীতীশ কুমারের তীব্র বিরোধিতা করেন লোক জনশক্তি পার্টির শীর্ষ নেতা চিরাগ পাসোয়ান। লোক জনশক্তি পার্টি নীতীশের জনতা দল ইউনাইটেডের বিরুদ্ধে প্রার্থীও দেয়। এর ফলে কয়েকটি আসন হাতছাড়া হয় নীতীশের। ভোটে তৃতীয় স্থান পায় জেডি ইউ।