দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের ৩৭০ ধারা প্রীতির জন্যই দেশের এত সৈন্য প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রের পরে এবার হরিয়ানাতে গিয়েও সেই কাশ্মীরকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার বল্লবগড়ে একটি জনসভায় তাঁর সরকারের বড় সিদ্ধান্তগুলির বিরোধিতা করায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
কংগ্রেসের ৩৭০ ধারা প্রীতির জন্য দেশের সেনাদের প্রাণদেওয়ার কথা বলার সঙ্গে তিনি হরিয়ানার প্রশংসা করেন সেনাবাহিনীতে তাদের অবদানের জন্য। তিনি বলেন, “হরিয়ানার সাহসী জওয়ানরা কাশ্মীরের নিস্পাপ মানুষজনকে জঙ্গিদের গুলির মুখ থেকে রক্ষা করে আসছেন। ... যখন ত্রিবর্ণরঞ্জিত পতাকায় মুড়ে তাঁদের দেহগুলো বাড়িতে এসেছে তখন তাঁদের মায়েদের কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন, ৩৭০ ধারা প্রীতির জন্য কতজন ছেলেকে তাঁরা হারিয়েছেন... জানতে চান কতজন বিধবা হয়েছেন, কতজন সন্তান অনাথ হয়েছে। ”
কাশ্মীর থেকে তিন তালাক – বিভিন্ন প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভোটব্যাঙ্ক রাজনীতি করতে গিয়ে উন্নয়নের গতি রোধ করে রেখেছিল কংগ্রেস। ২১ অক্টোবর হরিয়ানায় ভোট, তার আগে রাজ্যে চারটি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদীর। মঙ্গলবার ছিল তাঁর প্রথম জনসভা। প্রথম দিনই তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, মাটি থেকে পা সরে গেছে কংগ্রেসের, বিরোধীরাও ছন্নছাড়া। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যকে নেতৃত্ব দেওয়ার জন্য মনোহরলাল খট্টরের মতো বলিষ্ঠ নেতা রয়েছেন।
জাতীয় নিরাপত্তার জন্য কেন্দ্রের বিজেপি সরকার কী করেয়ছে সেই খতিয়ান দেওয়ার পাশাপাশি তিনি এক-পদ-এক-পেনশন নীতি কার্যকর করার বিষয়টিও উল্লেখ করেন, বকেয়া ৯০০ কোটি টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলেও জনসভায় ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী। যারা নিরাপত্তা ঢিলেঢালা করে রেখেছিল তাদের এবং যারা দেশকে সুরক্ষিত করেছে তাদের মধ্যে থেকে যে কোনও একটি দলকে ভোট দেওয়ার কথা উপস্থিত দর্শকদের বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বছরের গোড়ায় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে কংগ্রেসের চক্রান্ত ব্যর্থ করে তাঁরা রাফাল চুক্তি করেছেন ও শেষ পর্যন্ত রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছেন। তেজসের মতো দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানের আধুনীকিকরণে দেরি করার জন্যও কংগ্রেসের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “আমি জানি না কোন চাপের মুখে পড়ে তাঁরা এ কাজ করেছেন। তবে এখন তেজস ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হয়েছে বলে আমরা গর্বিত।” তিনি বলেন, উপযুক্ত সমরসজ্জা ছাড়া তিনি কোনও সেনাকে যুদ্ধ করতে দেবেন না।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%80%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%98%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81/