
শেষ আপডেট: 1 April 2024 09:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। রাতেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বলেন। ঘটনার কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় বহু পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।”
বঙ্গ বিজেপিকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং ত্রাণকাজে নামার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি লেখেন, “রাজ্যের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। এই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলেছি।”
রবিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়িতে ঝড় শুরু হয়। মাত্র ১৫ মিনিটেই জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। মাত্র কিছুক্ষণের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়।
My thoughts are with those affected by the storms in Jalpaiguri-Mainaguri areas of West Bengal. Condolences to those who have lost their loved ones.
— Narendra Modi (@narendramodi) March 31, 2024
Spoke to officials and asked them to ensure proper assistance to those impacted by the heavy rains.
I would also urge all…
ঘটনাটিতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুশোর বেশি মানুষ।। ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে।
রবিবার রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিমা রায় নামে এক মৃতার বাড়ি থেকে সোজা হাসপাতালে পৌঁছন মমতা। এমসিসি (আদর্শ আচরণবিধি) অনুযায়ী সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি। আহতদের দেখতে সোমবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।