
ফাইল ছবি
শেষ আপডেট: 25 March 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন (Contai Co-Operative Bank Election) হওয়ার কথা। তার আগে এই ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা।
যিনি এই আর্জি জানিয়েছেন তিনি ওই সমবায় ব্যাঙ্কের সদস্য। তাঁর মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশেই এমনটা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এক সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
শুধু তাই নয়, ভোট কেন্দ্রে সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছিল কারচুপি রুখতে। এবার কলকাতা হাইকোর্ট এই আর্জিতে সাড়া দিয়ে ফের বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কিনা, সেটাই দেখার।
সমবায় ব্যাঙ্কের সদস্য স্বপন বেরার আশঙ্কা, এই নির্বাচনেও ব্যাপক গোলমাল হতে পারে। তাঁর নিশানায় মূলত রয়েছে শাসক দল তৃণমূলের কর্মীরাই। সেই কারণে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানো উচিত বলেই যুক্তি তাঁর। এই মামলার শুনানির দিন এখনও ধার্য হয়নি। তবে আগামী দুদিনের মধ্যেই তা হওয়ার কথা।
এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে নজরকাড়া নিরাপত্তা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকা জুড়ে ছিল ১৪৪ ধারা, কেন্দ্রে মোতায়েন ছিল ৭০-৮০ জন বাড়তি পুলিশ কর্মী। একই সঙ্গে ছিল কমপক্ষে ৩০০ সিসিটিভির ব্যবস্থা।