দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি নেমেছে কাশ্মীরের দক্ষিণে। অমরনাথ যাত্রার পথে বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্পে আটকে পড়েছেন যাত্রীরা। অমরনাথ শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হলে পাহাড়ি পথে রওনা হওয়া সম্ভব নয়।
বুধবার সন্ধ্যায় ৩ হাজার তীর্থযাত্রী জম্মু থেকে হাজির হন ওই দুই বেস ক্যাম্পে। তাঁদের মধ্যে ২২৩৪ জন পুরুষ, ৫২০ জন মহিলা, ও ২১ টি শিশু। যাত্রীদের মধ্যে ১২০ জন সাধু।
জঙ্গি হানার ভয়ে তাঁদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম ও সেনাবাহিনী মিলিয়ে অমরনাথের পথে মোতায়েন করা আছে ৪০ হাজার নিরাপত্তারক্ষী।
এই প্রথমবার রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে অমরনাথগামী গাড়িগুলির ওপরে নজর রাখা হচ্ছে। সিআরপিএফের মোটরসাইকেল স্কোয়াড টহল দিচ্ছে পথে। তাদের সঙ্গে আছে ক্যামেরা ও অন্যান্য জীবনদায়ী জিনিসপত্র।
গতবছর দুলক্ষ ৬০ হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে গিয়েছিলেন। এবছরও প্রায় ওই সংখ্যক মানুষই যাবেন বলে আশা করা হচ্ছে। পথের অবস্থা খতিয়ে দেখে প্রতিদিন সাড়ে সাত হাজার তীর্থযাত্রীকে ওই রুটে যেতে দেওয়া হবে বলে জানিয়েছে অমরনাথ শ্রাইন বোর্ড।