
শেষ আপডেট: 23 December 2022 07:58
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) হাত ছাড়ল পেমেন্ট অ্যাপ ফোনপে (PhonePe )। বৃহস্পতিবার একথা সরাসরি ঘোষণা করে দিল ফোনপে এবং ফ্লিপকার্ট, দুই সংস্থাই। এখন থেকে ওয়ালমার্ট গ্রুপের আওতায় দু'টি সম্পূর্ণ আলাদা ব্যবসা হিসেবেই পরিচিত হবে ফ্লিপকার্ট এবং ফোনপে।
ফোনপে নিজস্ব ব্যবসার পরিকাঠামো তৈরির আগে পর্যন্ত এটি ফ্লিপকার্টেরই একটা অংশ ছিল। ২০২০ সালের ডিসেম্বরে ফোনপে ব্যবসা জমানোর পরে ঘোষণা করেছিল, ফ্লিপকার্টের সঙ্গে যোগসূত্র আংশিক ছিন্ন করেছে তারা। সে সময়ে তারা প্রেস বিবৃতি দিয়ে বলেছিল, 'এই দু'টি ব্যবসা আলাদা হলে শেয়ারদর অনেকটা বাড়বে, বিনিয়োগের নতুন সুযোগ বাড়বে। ভারতের যে টেকনোলজিক্যাল ইকোসিস্টেম, তাতে এই দুই সংস্থা আাদা ভাবে বড় ভূমিকা নিতে পারে।'
এবার ঘোষণা করা হল পুরোপুরি আলাদা হয়ে যাওয়ার কথা। তবে দুই সংস্থারই মাথার উপর প্রধান শেয়ারহোল্ডার হিসেবে থাকবে ওয়ালমার্ট।
ফোনপে-র প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর নিগম এই বিষয়ে বলেন, 'আমরা এখন পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছি। নতুন এই ব্যবসায় আমরা বিনিয়োগ বাড়াচ্ছি বিমা, স্বাস্থ্য, সম্পত্তি ম্যানেজমেন্ট, এইসব দিকে। এর পাশাপাশি এ দেশে ইউপিআই পেমেন্টের একটা বড় অংশ হয়ে ওঠার জন্যও আমাদের যাত্রা শুরু হয়েছে। দেশের কয়েক কোটি মানুষের আর্থিক লেনদেনের সঙ্গী হয়ে উঠতে চাই আমরা।'
বড়দিনের শীতের আমেজে কাঁটা ঘূর্ণাবর্ত! তাপমাত্রা বাড়তে পারে ৩-৪ ডিগ্রি, বৃষ্টি হবে কি